দীর্ঘ পাঁচ বছর ধরে মারণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। প্রথম দফায় কোলন ক্যানসারকে বুড়ো আঙুল দেখিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি। তবে আবারও তার শরীরে বাসা বেঁধেছে এই রোগ। এবার তার শরীরে ধরা পড়েছে ওভারিয়ান ক্যানসার।
রোববার (২৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে এনেছেন সামিয়া।
সামিয়ার ক্যানসার জয়ের সেই দীর্ঘ সংগ্রাম শুরু হয়েছিল ২০২২ সালে। নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত থাকার কারণে শুরুতে এই রোগাক্রান্ত হওয়ার খবরটি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। পরে সিঙ্গাপুরে গিয়ে যখন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হন, কেবল তখনই তিনি বাস্তবতাকে মেনে নেন।
নিজের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সামিয়া আফরিন লিখেছেন, “মাত্র তিন মাস আগে আমার শরীরে দ্বিতীয়বার ম্যালিগন্যান্ট ধরা পড়ে—এবার ওভারিয়ান ক্যানসার। তৎক্ষণাৎ অস্ত্রোপচার করতে হয়েছে। দুর্ভাগ্যবশত এটি হাই-গ্রেড কার্সিনোমা হওয়ায় আমাকে এখন কেমোথেরাপির দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে।”
প্রথমবারের চিকিৎসার সঙ্গে বর্তমানের অভিজ্ঞতার পার্থক্যের কথা উল্লেখ করে তিনি জানান, পাঁচ বছর আগের সেই লড়াইয়ে তাকে কেমোথেরাপি নিতে হয়নি, কেবল ইমিউনোথেরাপির মাধ্যমেই সুস্থ হয়ে উঠেছিলেন। ফলে এবারের অভিজ্ঞতা তার কাছে সম্পূর্ণ ভিন্ন এবং বেশ চ্যালেঞ্জিং।
কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল ঝরে যাওয়ার বিষয়টি চিকিৎসকরা আগেই তাকে জানিয়েছেন। তবে এই কঠিন পরিস্থিতি নিয়ে মন খারাপ না করে বরং ইতিবাচক মনোভাব ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই উপস্থাপিকা।
নিজের নতুন লুক প্রসঙ্গে সামিয়া বলেন, “ডাক্তার আগেই সতর্ক করেছেন যে কেমোর প্রভাবে চুল ঝরে যেতে পারে। তাই বিষয়টি নিয়ে হতাশ না হয়ে বরং স্বাভাবিকভাবে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু নিয়ে মন খারাপ করে তো লাভ নেই, বরং সময়ের সঙ্গে মানিয়ে নেওয়াই আসল।”
চুল পড়ে যাওয়ার আগেই নিজেই একটি নতুন হেয়ারকাট দিয়ে নিজের এই লুকটিকে উদ্যাপন করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চুল কাটার একটি ভিডিও ও কিছু স্থিরচিত্রও শেয়ার করেছেন সামিয়া আফরিন, যার কোনোটিতে তাকে আবেগপ্রবণ বা অশ্রুসিক্ত চোখে দেখা যায়।
ক্যানসারের এই কঠিন পথচলার বর্ণনা দিয়ে তিনি বলেন, “যারা এই কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে গেছেন, কেবল তারাই এর তীব্রতা অনুধাবন করতে পারবেন। আমি সত্যিই প্রার্থনা করি, আমার কোনো প্রিয়জন যেন কখনো এমন পরিস্থিতির মুখোমুখি না হয়।”
পরিশেষে, সবার কাছে দোয়া চেয়ে সামিয়া আফরিন লিখেছেন, “সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ সবকিছু সহজ করে দেন। আগেরবারের মতো এবারও যেন মনের জোর বজায় রাখতে পারি এবং খুব দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি।”