শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

বাতিঘর আর্ট স্পেসে ফারিনা সামহির ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী শুরু

বনানীর এশিয়াটিক সেন্টারের বাতিঘর আর্ট স্পেসে আজ থেকে শুরু হয়েছে চিত্রশিল্পী ফারিনা সামহী নিথীর দশ দিনব্যাপী প্রথম একক চিত্র প্রদর্শনী ‘সাইলেন্ট এক্সপ্রেশনস।’ শিল্প ও সংস্কৃতির মাধ্যমে সামাজিক উন্নয়নে অবদান রেখে চলা মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের আয়োজনে এ প্রদর্শনী আয়োজিত হয়েছে।      

ভার্টেক্স চেম্বার্স ও সাজিদা ফাউন্ডেশনের সহযোহিতায় আয়োজিত এ প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পী ফারিনার অ্যাক্রিলিক পেইন্টিংয়ের এক বিশেষ কিউরেটেড সংগ্রহ, যেখানে ক্যানভাসের তুলি শব্দের সীমানা পেরিয়ে ভাব প্রকাশের অনন্য এক মাধ্যম হিসেবে প্রকাশিত হয়েছে। শ্রবণপ্রতিবন্ধী শিল্পী ফারিনা বিভিন্ন কর্মশালা ও একাধিক যৌথ প্রদর্শনীর মধ্য দিয়ে নিজের শিল্পচর্চাকে গড়ে তুলেছেন এবং ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক প্রাঙ্গণে নিজের কাজ প্রদর্শন করেছেন।

প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিভাবে এর উদ্বোধন করেন ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা। উদ্বোধনকালে তিনি বলেন, “মানুষের যে সবচেয়ে গভীর অনুভূতি, সবচেয়ে শক্তিশালী বার্তা, সবচেয়ে সুন্দর যে গল্পগুলো, সেগুলো অনেক ক্ষেত্রেই ভাষায় প্রকাশ করা যায় না। আজকের এই প্রদর্শনী তারই এক অনন্য উদাহরণ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন এবং গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান।

প্রদর্শনী সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করে আফজাল হোসেন বলেন, “মানুষের অনুভূতি প্রকাশের মাধ্যম শুধু শব্দ বা ভাষা নয়, বরং তা গভীর উপলব্ধির বিষয়।” আগত দর্শনার্থীদের সেই গভীর আবেগের স্তরে গিয়ে শিল্পকর্মগুলো উপভোগ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ভার্টেক্স চেম্বার্স এবং সাজিদা ফাউন্ডেশনের পক্ষ থেকে যথাক্রমে ব্যারিস্টার জুনায়েদ চৌধুরী ও ব্যারিস্টার সাজেদা ফারিসা কবির উপস্থিত ছিলেন। এছাড়াও, মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর চেয়ারপারসন সারা যাকের এবং প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক শ্রিয়া সর্বজয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শিল্পী ফারিনার কাছে ভিজ্যুয়াল আর্ট মূলত ভাষার সীমানা পেরিয়ে যাওয়ার এক মাধ্যম। প্রদর্শনীর ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নামটি তার এই বিশ্বাসের প্রতিফলক যে, ক্যানভাস ও রঙ যা বলতে পারে, তা অনেক সময় বলে প্রকাশ করা যায় না। 

তাঁর শিল্পকর্মে প্রাণবন্ত রঙ ও সাবলীল ফর্মের মিশ্রণই হয়ে উঠেছে প্রধান ভাষা, যা প্রদর্শনীতে আগত অতিথিদের এক নীরব ভাবনার জগতে আমন্ত্রণ জানায়, যেখানে অনুভূতির প্রকাশ ঘটে দৃষ্টির গভীরতায়।

এশিয়াটিক মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেডের আর্ট ডিরেক্টর ফরিদুর রহমান রাজিবের কিউরেশনে আয়োজিত এই প্রদর্শনীতে শিল্পী ফারিনার ৬১টি এক্রিলিক পেইন্টিং স্থান পেয়েছে। আগামী ১০ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ