রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম
‘আইসিএসবি কর্তৃক প্রস্তাবিত বিএসইসি কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬’ বিষয়ে সিপিডি প্রোগ্রাম আয়োজিত বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে বিশ্বকাপের আলোড়ন তোলা ভোজিনহা যোগ দিচ্ছেন চিলির ক্লাবে এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু প্রিমিয়ার ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে এনসিসি ব্যাংক ও পিকেএসএফ-এর মধ্যে চুক্তি তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর হতে পারে দেশের অর্থনীতির নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম - মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি

এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে আটক বা আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের প্রমাণ মিললে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্র সচিবের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বুধবার (২৪ জুন) এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, "প্রথাগত নকল কমে গেলেও বর্তমানে নকলের ধরন পরিবর্তন হয়েছে। নকলের সহযোগীরা যাতে পার পেয়ে যেতে না পারে, সেজন্য সাইবার আইন সংশোধন করা হচ্ছে।" দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে গত ১০ বছর ধরে ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি।

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ঘটলে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন মন্ত্রী।

পরীক্ষাপদ্ধতি ও কারিকুলামের বিষয়ে মন্ত্রী জানান, ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ২০২৭ সালে শিক্ষা কারিকুলাম পরিমার্জন করে ২০২৮ সাল থেকে তা পুরোপুরি কার্যকর করা হবে।

পরীক্ষকদের খাতা মূল্যায়ন নিশ্চিত করতে এবার এলোমেলোভাবে (র‍্যান্ডম) উত্তরপত্র পুনরায় যাচাই করা হবে। কোনো পরীক্ষক সঠিকভাবে খাতা মূল্যায়ন না করলে বা কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, "চলতি বছরের জুনের মধ্যে এসএসসির কোর্স সম্পন্ন করতে হবে। এরপর প্রি-টেস্ট, টেস্ট এবং ইন-হাউস কোচিং প্রতিটি স্কুলেই শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক। এ বিষয়ে আমি শিক্ষকদের অনুরোধ করব, আপনারা গভর্নিং বডির সঙ্গে আলোচনা করে বিষয়টি নিশ্চিত করবেন।"

শিক্ষক-কর্মচারীদের বকেয়া পাওনার বিষয়ে তিনি জানান, ২০২২ সাল থেকে যেসব শিক্ষক ও কর্মচারী অবসর ভাতা পাননি, আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে তাদের বকেয়া ভাতা দেওয়া শুরু হবে। এছাড়া দেশের ৬০ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য থাকা প্রধান শিক্ষকের পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান এবং সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ পাওয়া সংবাদ