মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
অর্থ-বাণিজ্য

ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল। এর মাধ্যমে চলতি মার্চ মাসে ভারত থেকে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি সম্পন্ন হলো।
 
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় এই চালানটি ডিপোতে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন পদ্মা অয়েল পিএলসির পার্বতীপুর রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী।
 
আহসান হাবিব চৌধুরী জানান, গত শনিবার (২৮ মার্চ) সকাল ৭টায় পাইপলাইনের মাধ্যমে ৭ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আসা শুরু হয়। প্রায় ১৪৬ ঘণ্টা সময় ধরে নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে সরবরাহকৃত এই ডিজেল পাইপলাইনের মাধ্যমে আজ সকাল ৯টায় পার্বতীপুর ডিপোতে পৌঁছায়।
 
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। এর আগে ১১ মার্চ প্রথম দফায় বাংলাদেশ–ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন ব্যবহার করে পার্বতীপুর ডিপোতে ৫ হাজার টন ডিজেল আসে।
 
পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় দফায় আরও ১০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়। সব মিলিয়ে মার্চ মাসে তিন ধাপে ১৫ হাজার মেট্রিক টন এবং সর্বশেষ ৭ হাজার মেট্রিক টনসহ মোট ২২ হাজার টন ডিজেল দেশে আসলো।
 
জ্বালানি নিরাপত্তার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) ও আসামের নুমালীগড় রিফাইনারি লিমিটেডের কাছ থেকে এপ্রিল মাসে আরও ৪০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রতি সপ্তাহে ১০ হাজার টন করে ডিজেল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে পৌঁছাবে।

এই সম্পর্কিত আরো