সিগারেট, ওষুধ ও মোবাইল ফোনসহ ১১টি খাতের ব্যবসার জন্য অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২০ সেপ্টেম্বর) এনবিআরের ভ্যাট অনুবিভাগ শাখা থেকে এসংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক হওয়া খাতগুলো হল- সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী খাত এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী খাত।
এনবিআর জানিয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮(ক)-তে প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে। এর মাধ্যমে উল্লেখিত খাতগুলোর উৎপাদনকারী এবং সেবা খাতের সরবরাহকারীদের জন্য এনবিআরের ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে রিটার্ন (দাখিলপত্র) দাখিল বাধ্যতামূলক করা হলো।
আদেশে স্পষ্ট করা হয়েছে, কোনো নিবন্ধিত ব্যক্তি এই তালিকায় থাকা পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের সঙ্গেও জড়িত থাকেন, তবে তার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।
এছাড়া অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক সংক্রান্ত পূর্বে কোনো আদেশ জারি করা হয়ে থাকলে তা বাতিল বলে গণ্য হবে। পাশাপাশি এনবিআর প্রয়োজনে এই খাতের তালিকায় যেকোনো সময় সংযোজন বা বিয়োজন করতে পারবে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে জানিয়েছে এনবিআর।