সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
advertisement
অর্থ-বাণিজ্য

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, ছাড় পাচ্ছেন যারা

দেশের অধিকাংশ স্বাভাবিক ব্যক্তি (ইনডিভিজুয়াল) করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে প্রবীণ, বিশেষ চাহিদাসম্পন্ন করদাতাসহ নির্দিষ্ট কিছু শ্রেণিকে এই বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে।

রোববার (২৮ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর ফলে নির্ধারিত ব্যতিক্রম ছাড়া সব স্বাভাবিক ব্যক্তি করদাতাকে এনবিআরের ই-ট্যাক্স পোর্টাল (www.etaxnbr.gov.bd) ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী, নিম্নোক্ত শ্রেণির করদাতারা অনলাইনের পরিবর্তে সনাতন বা কাগজের রিটার্ন জমা দিতে পারবেন:

*৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা।

*শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রয়োজনীয় সনদপত্র দাখিল সাপেক্ষে)।

*বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা।

*মৃত করদাতার পক্ষে মনোনীত বৈধ প্রতিনিধি।

*বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা।

তবে বিশেষ আদেশে উল্লেখ করা হয়েছে, অব্যাহতিপ্রাপ্ত এই শ্রেণির করদাতারা চাইলে স্বেচ্ছায় অনলাইনেও তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

আদেশে বলা হয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা কোনো কারিগরি জটিলতার কারণে বাধ্যতামূলক কোনো করদাতা যদি অনলাইনে রিটার্ন জমা দিতে ব্যর্থ হন, তবে তিনি বিকল্প সুযোগ পাবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আবেদন করতে হবে। পরবর্তীতে অতিরিক্ত কর কমিশনার বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে ওই করদাতাকে কাগজে (পেপার) রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হবে।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, দেশের ডিজিটাল করব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও সহজ করার লক্ষ্যেই অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে করদাতারা ঘরে বসেই নিরাপদ ও দ্রুত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন এবং কর প্রশাসনের কার্যক্রমেও গতিশীলতা আসবে।

এই বিশেষ আদেশ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি অবহিত করার জন্য নির্দেশ দিয়েছে এনবিআর।

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ