ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে হাম আইসোলেশন ওয়ার্ডে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল পর্যন্ত হাম ও হামের লক্ষণ নিয়ে হাসপাতালটিতে ৭৬ শিশু চিকিৎসাধীন রয়েছে।
মৃত তিন শিশুরা হলো— নেত্রকোণা সদরের ইলিয়াস হোসেনের মেয়ে আদিবা (৩), ময়মনসিংহ সদরের রনি মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩) ও ত্রিশাল উপজেলার রাসেলের ছেলে আশরাফ (৮)।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৬টি শিশু ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় মোট ৩২৪টি শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৩৯ জন এবং মৃত্যু হয়েছে দশ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৬ শিশু।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড আছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৭০টি শিশুর।
হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ গোলাম মাওলা জানান, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। হাঁচি-কাশি কিংবা সরাসরি সংস্পর্শের মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে।
পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় একটি ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে বলেও তিনি গণমাধ্যমকে জানান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ২৪ ঘণ্টায় নতুন ২৬টি শিশু ভর্তি হয়েছে।