বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
সারাদেশ

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ময়মনসিংহের ফুলপুর-তারাকান্দা আসনের স্থানীয় সংসদ সদস্য মুফতী মুহাম্মাদুল্লাহ ফুলপুর থানায় গিয়ে ওসিকে না পেয়ে তাঁর চেয়ারে বসেছেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে। ঘটনা ঘটে ৫ এপ্রিল, তবে ভিডিও সোমবার সন্ধ্যার পর ভাইরাল হয়।
 
সূত্র জানায়, ওই দিন সকাল সোয়া ৭টায় ফুলপুর থানার ওসি ময়মনসিংহ পুলিশ লাইনে মাস্টার প্যারেডে অংশ নিতে যান। সকাল ১০টার দিকে এমপি মুহাম্মাদুল্লাহ হঠাৎ থানায় উপস্থিত হন। উপস্থিত হয়ে অন্য চেয়ারের পরিবর্তে তিনি ওসির চেয়ারে বসেন এবং কিছুক্ষণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে চলে যান।
 
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল হাসান রাশেদ গনমাধ্যমকে বলেন, আমার কক্ষে ঢুকে প্রথমে তিনি চেয়ারে বসতে ইতস্তত বোধ করছিলেন, কিন্তু সঙ্গে থাকা সহকর্মীরা তাকে ওসির চেয়ারে বসতে বলেন। পরে তিনি কিছুক্ষণ বসে কথা বলে চলে যান।
 
এ বিষয়ে সংসদ সদস্য মুফতী মুহাম্মাদুল্লাহ গনমাধ্যমকে বলেন, আমি থানায় পরিদর্শনে গিয়েছিলাম। ওসি না থাকায় উপস্থিত কর্মকর্তারা আমাকে ওসির চেয়ারে বসতে বলেছিলেন। পরে আমি কিছুক্ষণ বসে তাদের সঙ্গে আলোচনা করে চলে আসি। এটি কোনো অপরাধ নয়।
 
ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ফেসবুকে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কিছু পোস্টে প্রশ্ন তোলা হয়েছে, এমপি ওসির চেয়ারে বসার মাধ্যমে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকে।
 
ঘটনাটি সামনে আসার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে প্রোটোকল ভঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি পরিস্থিতির স্বাভাবিক ফল। তবে ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি এখন ফুলপুরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এই সম্পর্কিত আরো