যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ইজিবাইকও জব্দ করা হয়।
আটক ব্যক্তি হলেন- নাম মো. কালাম হোসেন (৪৫)। সে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত মো. বাবু সরকারের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শা উপজেলায় গোগা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে আসামীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে:- ১০ বোতল উইনিক্স (Winnix) সিরাপ, ১১ বোতল এসকুফ (ESKUF) সিরাপ এবং ১টি ইজিবাইক (যা মাদক বহনে ব্যবহৃত হচ্ছিল)। বিজিবি’র হিসাব অনুযায়ী, আটককৃত মাদক ও ইজিবাইকসহ জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২,০৮,৪০০/- (দুই লক্ষ আট হাজার চারশত) টাকা।
এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও সকল প্রকার অবৈধ চোরাচালান রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা পূর্বের তুলনায় অনেক বাড়ানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজকের এই সফল অভিযান সম্পন্ন হয়েছে। তিনি আরও দৃঢ়ভাবে ব্যক্ত করেন যে, দেশের সীমান্ত সুরক্ষায় এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি’র এ ধরণের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
আসামী কালাম হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।