রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে কদমতলীর শিল্প এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশে গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর ১টা ১১ মিনিটে আগুনের খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
তবে কীভাবে আগুন লেগেছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা সেই বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানা তিনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস আরও জনায়, গ্যাস লাইটার কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আগুন পাশের ভবনগুলোতে ছড়াতে না পারে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।