রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
শিরোনাম
সারাদেশ

হবিগঞ্জে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, নিহত ৪

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে ৪ জন নিহত হয়েছেন। 
 
রোববার (২২ মার্চ) ভোরে বাসার আসবাবপত্রবোঝাই একটি ডিআই পিকআপ অন্য একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ডোবায় পড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
 
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
তিনি বলেন, সকালে কুয়াশা বা অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয়রা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহগুলো উদ্ধার করে। পিকআপটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যাওয়ায় ভেতর থেকে মরদেহ বের করতে বেশ বেগ পেতে হয়েছে।
 
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা আরো জানান, নিহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত সাপেক্ষে এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
 
পুলিশ সূত্রমতে, ঘাতক বাসটি দ্রুতগতিতে ওভারটেক করার চেষ্টা করার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে পুলিশ বাসটিকে জব্দ করার প্রক্রিয়া শুরু করেছে। 
 
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর অংশে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

এই সম্পর্কিত আরো