বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
শিরোনাম
সারাদেশ

বেলকুচিতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, দুই বাসের সুপারভাইজারকে জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া নেওয়ার অপরাধে দুইটি যাত্রীবাহী বাসের সুপারভাইজারকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার মুকুন্দগাতী এলাকায় কুড়িগ্রামগামী বাসগুলোতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। পাশাপাশি, যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে অপরূপা নামের একটি বাসে জনপ্রতি ৭০০ টাকা হারে ভাড়া আদায়ের প্রমাণ মেলে, যা নির্ধারিত ভাড়ার তুলনায় ৩০০ টাকা বেশি। এ ঘটনায় বাসটির সুপারভাইজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়।
 
অভিযানে পিংকী নামের আরেকটি বাসেও অনিয়ম ধরা পড়ে। বাসটিতে জনপ্রতি ৫০০ টাকা হারে ভাড়া নেওয়া হচ্ছিল, যা নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা বেশি। ওই বাসের সুপারভাইজারকে ২ হাজার টাকা জরিমানা এবং যাত্রীদের নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান বলেন, কুড়িগ্রামগামী বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় দুইটি বাসে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বাস দুটিতে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দিয়েছেন।

এই সম্পর্কিত আরো