সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা প্রশাসনের অভিযান চলাকালীন জঙ্গলের ভেতর থেকে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। অভিযান রবিবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে আড়াই ঘণ্টা ধরে চালিতাডাঙ্গা বাজারের পুরাতন গুদামের পেছনের জঙ্গলে পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, অভিযানে ৯২ বস্তা ইন্টেক চাল ও ৩ বস্তা খোলা চাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, এসব চাল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল। চালগুলোর কোনো মালিকানা পাওয়া না যাওয়ায় বিষয়টি নথিভুক্ত করার জন্য কাজিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার নির্দেশ দেওয়া হয়েছে।
উদ্ধারকৃত চালগুলো উপজেলা খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে এবং ওসি এলএসডি ওলিউর রহমানের তত্ত্বাবধানে রাখা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী এসব চাল উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বস্তিদায়ক হিসেবে দেখেছেন এবং খাদ্যবান্ধব কর্মসূচির চালের অনিয়ম রোধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।