ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং ২০টি দেশীয় অস্ত্র।
পুলিশ জানায়, বৃহস্পতিবার(০৫ ফেব্রুয়ারি)ভোরে গফরগাঁও উপজেলার উথুরী ও হাটুরিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে মোঃ কামরুল ইসলাম (৩৫), তার ভাই মোঃ সাব্বির (২৩) এবং গ্রেফতারি পরোয়াভুক্ত গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন (৩৬)। কামরুল ইসলাম ও সাব্বির ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
সেনাবাহিনী ও পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উথুরী গ্রামের একটি বাড়িতে অস্ত্র মজুদ করে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে ভোরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কামরুল ইসলাম ও তার ভাই সাব্বিরের বাড়িতে অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা অ্যামুনিশন, একটি পিস্তল সদৃশ লাইটার এবং ২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কামরুল ইসলাম ও সাব্বিরকে গ্রেফতার করা হয়।
একই অভিযানে গ্রেফতারি পরোয়াভুক্ত গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনকেও গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।