সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
সারাদেশ

গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে লামিয়া আক্তার মিম (২১) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। প্রেমের সম্পর্কের পর গোপনে বিয়ে হলেও তা প্রেমিকের পরিবার মেনে না নেওয়ায় মানসিক চাপে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ পরিবারের।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে গৌরীপুর রেলজংশনের আউটার সিগন্যাল এলাকার কাছে এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া আক্তার মিম গৌরীপুর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি উপজেলার গাভীশিমুল গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত বছরের ১৬ সেপ্টেম্বর লামিয়া ও রাকিব (৩০) গোপনে বিয়ে করেন। রাকিব গৌরীপুর পৌরসভার ভালুকা মহল্লার আবুল কাসেমের ছেলে। সম্প্রতি বিষয়টি উভয় পরিবারের মধ্যে জানাজানি হলে রাকিবের পরিবার বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানায়।

নিহতের বড়বোন সামান্তা নাজনীন জানান, লামিয়ার বিয়ের জন্য পরিবার পাত্র দেখার উদ্যোগ নিলে সে গোপন বিয়ের বিষয়টি জানায়। পরে রাকিবের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার বাবা আবুল কাসেম কোনো অবস্থাতেই লামিয়াকে মেনে নেবেন না বলে জানিয়ে দেন। এ বিষয়ে কথা বলতে গেলে রাকিবের বোন মোবাইল ফোনে লামিয়ার সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, রাকিবের ভগ্নিপতি, যিনি একজন বিজিবি সদস্য, তার সঙ্গেও যোগাযোগ করা হলেও কোনো সমাধান হয়নি। রোববার রাত থেকে রাকিব লামিয়ার ফোন রিসিভ না করায় তিনি চরম মানসিক বিপর্যস্ত হয়ে পড়েন। সোমবার সকালে ঘুম থেকে উঠে লামিয়াকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ট্রেনে কাটা পড়ার খবর পান তারা। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা লামিয়ার মরদেহ শনাক্ত করেন।

এ বিষয়ে রাকিবের বাবা আবুল কাসেম বিয়ে মেনে না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান, আত্মহত্যার ঘটনার পর লামিয়ার পরিবারের সঙ্গে আপোষ-মীমাংসার চেষ্টা করছেন।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, লোকমুখে খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে গৌরীপুর রেলস্টেশনের আউটার সিগন্যালের বাইরে গজন্দর গ্রাম এলাকা থেকে লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গৌরীপুর রেলজংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে জারিয়াগামী লোকাল ট্রেনটি সকাল ৬টা ৪২ মিনিটে গৌরীপুর জংশন থেকে শ্যামগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। ওই ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে তিনি জানতে পেরেছেন।

এই সম্পর্কিত আরো