ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার।
বিজিবি জানায়, গত শুক্রবার (২ মার্চ) সকালে হালুয়াঘাট উপজেলাধীন আইলাতলী বিওপির সদস্যরা পূর্ব গোবরাকুড়া নামক এলাকায় অভিযান চালিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ও সানগ্লাস পাচারের চেষ্টা করে। এ সময় বিওপির সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা দৌড়ে পালিয়ে যায়।
পরে সেখান থেকে ৪৮ হাজার ৬৯০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ও পাঁচ হাজার ৬০০ পিস সানগ্লাস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য ১ কোটি ৮ লক্ষ ৬১ হাজার ৫০টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং সীমান্তবর্তী যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ময়মনসিংহ ৩৯ বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।