রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

তীব্র তাপদাহে নাকাল চুয়াডাঙ্গার জনজীবন

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

আজ সোমবার বিকেলে ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা অতি তীব্র তাপপ্রবাহ। এটি চলতি মৌসুমের জেলার সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে গত শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, চলমান অতি তীব্র তাপদাহে নাকাল হয়ে পড়েছে জনজীবন। সূর্যের গনগনে আঁচে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র তাপদাহে হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে হাসপাতালের আন্তঃবিভাগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৫০ জন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৫২ জন, জ্বরসহ গরমজনিত অন্যান্য রোগে আক্রান্ত হয়ে পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ডে ২৪০ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া বহিঃবিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন চার শতাধিক রোগী।

সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে গত তিনদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত দুই বছর বয়সী মেয়েকে ভর্তি করেছেন সাবিনা খাতুন। তিনি বলেন, আমার মেয়ের হঠাৎ নিউমোনিয়া হয়েছে। গত তিনদিন থেকে ভর্তি রয়েছে। ডাক্তার বলছে আরও কয়েকদিন থাকতে হবে। এখানে অনেক রোগীর চাপ। ওয়ার্ডের ভিতরে কোন জায়গা নেই। তাই মেয়েকে নিয়ে বারান্দায় রয়েছি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন বলেন, তীব্র গরমে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। শয্যার চেয়ে প্রায় ৫গুন রোগী বেশি ভর্তি হয়েছে। তাই চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এই গরমের সময় শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বুকের দুধসহ তরল জাতীয় খাবার খাওয়াতে হবে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, গত কয়েকদিন থেকে চুয়াডাঙ্গা ও এর আশপাশ এলাকার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত টানা ১৬ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ