ময়মনসিংহে বাড়ির কাছের সড়ক থেকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে ১২ বছরের কিশোরী মাদ্রাসাছাত্রীকে অপহরণের ৩২ দিন পর উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪।সেইসাথে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. সাকিব আল হাসানকে (২২) গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটের দিকে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার নওপাড়া তাজপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে
সাকিবকে গ্রেপ্তার করা হয়। পরে নান্দাইল উপজেলার চণ্ডীপাশা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
সংস্থাটির তথ্যমতে, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কিশোরীটি মাদ্রাসায় যাতায়াতের পথে সাকিব তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। বিষয়টি কিশোরীর পরিবারের সদস্যরা সাকিবের পরিবারকে জানালে তিনি ক্ষুব্ধ হয়ে কিশোরীকে অপহরণের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারের অভিযোগ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে কিশোরীর বাড়ির কাছের একটি সড়ক থেকে সহযোগীদের সহায়তায় তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় কিশোরীর বাবা ময়মনসিংহের সংশ্লিষ্ট আদালতে পিটিশন মামলা করেন। আদালতের আদেশে ১১ অক্টোবর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(১) ধারায় মামলা করা হয় বলে এসআরবি জানিয়েছে।
সংস্থাটির ভাষ্য অনুযায়ী, মামলা হওয়ার পর আসামিরা আত্মগোপনে ছিলেন। পরে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি ও কিশোরীর অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
উদ্ধার করা কিশোরীকে নিরাপদ হেফাজতে রাখা এবং গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৪।