সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সারাদেশ

মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩১ জন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক ডাঃ মোঃ সেলিম উদ্দিন।

মৃত দু'জন হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার নুর হোসেনের স্ত্রী রাশিদা খাতুন (৪২) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার জইনা বাজার এলাকার মৃত আব্দুল হোসেনের ছেলে জাফর আলী (৭০)।

চিকিৎসক ডাঃ মোঃ সেলিম উদ্দিন জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে রাশিদা খাতুন হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

অপরদিকে, জাফর আলী ডেঙ্গু আক্রান্ত হয়ে রবিবার দুপুর ১টার দিকে হাসপাতালে ভর্তি হন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে জটিল ডেঙ্গু সিনড্রোমের সঙ্গে তীব্র শ্বাসকষ্টজনিত সিনড্রোম, রক্তে মারাত্মক সংক্রমণ, সংক্রমণজনিত শক এবং ছড়িয়ে পড়া রক্ত জমাট বাঁধার সমস্যায় তিনি মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মুহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি ১৩১ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৮৩ জন পুরুষ, ৪২ জন নারী এবং ৬ জন শিশু। তাদের মধ্যে একজন নারী আইসিইউতে এবং একজন পুরুষ সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৫৮ জন ডেঙ্গুরোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানাযায়, চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২ হাজার ১৭৮ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ