ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া ইজিবাইক ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরও একজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার দুইজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি এলাকার রেলক্রসিং সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।
গ্রেফতার দু'জন হলেন-কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার মোঃ অন্তর (২২) ও মোঃ ইয়াছিন (২০)। তবে একই এলাকার মোঃ মারুফ (২২)
ছিনতাইয়ের চেষ্টার সময় জনতায় দাওয়ায় পালিয়ে যায়।বর্তমানে পলাতক রয়েছেন বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, ইজিবাইকচালক ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী অটোস্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এসময় অভিযুক্তরা ১০০টাকায় ইজিবাইকটি রিজার্ভ করে সোহাগী যাওয়ার কথা বলে। পথে বৈরাটি রেলক্রসিং এলাকায় পৌঁছালে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকের গলায় চাকু ঠেকিয়ে গাড়ি থামানো হয়। একপর্যায়ে তাঁর বাম হাতে চাকু দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করা হয়। এসময় চালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। একই সময়ে টহলরত ঈশ্বরগঞ্জ থানার এসআই ওয়াজেদ পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দু'জনকে আটক করে। পরে তাঁদের কাছ থেকে ইজিবাইক ও একটি চাকু উদ্ধার করা হয়। এ সময় একজন পালিয়ে যায়।
পরে আহত চালককে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাড়িতে আছেন। আটক ছিনতাইকারী দু'জন জনতার গণপিটুনিতে আহত হওয়ায় সেখানে চিকিৎসা দেওয়া হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ রোমন বলেন, এঘটনায় থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা হয়েছে। গ্রেফতার দু'জনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।