সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ বাসা থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর ৪র্থতলা ভাড়া বাসার ২য় তলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকতে দেখা যেত। স্বামী-স্ত্রী নতুন ভাড়া নিয়ে থাকতেন ঐ কক্ষে। ওই কক্ষটি থেকে পচা দুর্গন্ধ আসায় প্রতিবেশীরা তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। নিহতের মধ্যে স্বামীর গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে তিন জনের মরদেহ দেখতে পায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। নির্মম এই ঘটনার নেপথ্যে হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া সিআইডির ফরেনসিক টিম ভোরে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।