ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে রড নামানোর সময় বিদ্যুতের লাইনের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে ত্রিশাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রতনের ছেলে জিসান (১৮) এবং ত্রিশাল উপজেলার বিরামপুর ভাটিপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২২)।
ঘটনাস্থলে কর্মরত ঠিকাদার মোঃ হাসান জানান, ভবনের ছাদে রডের কাজ শেষ হওয়ার পর কিছু রড নিচে নামানোর প্রয়োজন হয়। এজন্য শ্রমিকদের সিঁড়ি ব্যবহার করে রড নামানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ১ জন শ্রমিক সিঁড়ি ব্যবহার না করে ছাদের পাশ দিয়ে রড নামানোর চেষ্টা করেন। এ সময় লম্বা রডটি ভবনের পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইনের সংস্পর্শে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে থাকা ২ শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ২ জনকেই মৃত ঘোষণা করেন।
ভবনের মালিক আল আমিন বলেন, নির্মাণকাজের দায়িত্ব ঠিকাদারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছিল। ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। রড সিঁড়ি দিয়ে নামানোর নির্দেশ দেওয়া হলেও তা অনুসরণ করা হয়নি বলে তিনি জানান।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইমতিয়াজ মাহমুদ বলেন, মরদেহ পর্যবেক্ষণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তারে স্পর্শ লেগে তারা বহুতল ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণেই তাদের মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, মরদেহ দু'টি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।