শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
advertisement
সারাদেশ

অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অপহরণের ছয় দিন পর অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) দুপুরে উদ্ধার হওয়া ওই শিক্ষার্থীকে জবানবন্দি ও আইনি প্রক্রিয়ার জন্য ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের বারইপাড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীকে (১৪) বিদ্যালয়ে যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন একই গ্রামের হাশিম উদ্দিনের ছেলে মনির হোসেন (১৯)। গত ১৪ জুন সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে মনির হোসেন একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে জোরপূর্বক ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যান।

এ ঘটনায় শিক্ষার্থীর বাবা ভজন চন্দ্র সরকার বাদী হয়ে তারাকান্দা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর পরই পুলিশ অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের বারইপাড়া এলাকা থেকেই অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত মনিরসহ অন্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া শিক্ষার্থীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তারাকান্দা থানার ওসি মোঃ আব্দুর রাশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ