দেশের ভোক্তাদের জন্য আরও নিরাপদ, পুষ্টিগুণসমৃদ্ধ ও মানসম্মত খাদ্যপণ্য উদ্ভাবন ও উন্নয়নের লক্ষ্যে এসিআই ফুডস লিমিটেড এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বিসিএসআইআর, একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বুধবার (২৪ জুন) বিসিএসআইআর এর প্রধান কার্যালয়ে এই স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়।
শনিবার (২৭ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এসিআই ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই এবং বিসিএসআইআরের সচিব মোহাম্মদ সহিদুল হক পাটোয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
উক্ত অনুষ্ঠানে বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ, সদস্য (উন্নয়ন) আবুল ফাতাহ মোঃ বালিগুর রহমান, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ড. মোসাঃ হোসনে আরা বেগম, আইএফএসটির পরিচালক মঞ্জুর মোর্শেদ আহমেদ, এসিআই ফুডসের পিডি অ্যান্ড কিউএ বিভাগের জেনারেল ম্যানেজার মো. নাজিমুল ইসলাম এবং এসিআই ফুডসের বিজনেস ম্যানেজার চৌধুরী তাসমিয়াহ্ জাবীন সহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো খাদ্যের মান উন্নয়ন ও পুষ্টিগুণ নিশ্চিত করা, যাতে দেশের ভোক্তারা আরও নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্যপণ্য সহজে পেতে পারেন। এই চুক্তির মাধ্যমে এসিআই ফুডস ও বিসিএসআইআর মানসম্মত ও নিরাপদ খাদ্য প্রক্রিয়া উন্নয়নে একসঙ্গে কাজ করবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ দেশের খাদ্যশিল্পে গবেষণাভিত্তিক খাদ্যপণ্য উদ্ভাবন ও উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে।
এছাড়া এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, কারিগরি সহায়তা, প্রশিক্ষণ, সেমিনার এবং জ্ঞান বিনিময়ের ক্ষেত্র আরও প্রসারিত হবে।