Corporate Sangbad
নির্বাচিত কলাম

কোম্পানি আইনে সংযোজনের জন্য হাইকোর্টের ১৪টি বিশেষ প্রস্তাব

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন · মো. মিজানুর রহমান, এফসিএস

বাংলাদেশে কর্পোরেট সুশাসন (Corporate Governance) এবং আইনি কমপ্লায়েন্স নিশ্চিত করার ক্ষেত্রে সেক্রেটারিয়াল অডিট (Secretarial Audit) বা বার্ষিক কমপ্লায়েন্স অডিট প্রবর্তন একটি অত্যন্ত সময়োপযোগী ও যৌক্তিক পদক্ষেপ।

বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর (যেমন—ভারত, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর ইত্যাদি) আদলে বাংলাদেশের কোম্পানি আইন, ১৯৯৪ সংশোধন করে কীভাবে এবং কোন পেশাজীবীদের মাধ্যমে এটি অন্তর্ভুক্ত করা যেতে পারে, তার একটি কাঠামোগত রূপরেখা নিচে তুলে ধরা হলো:

সেক্রেটারিয়াল অডিট পরিচালনার জন্য যৌক্তিক ও যোগ্য পেশা
আন্তর্জাতিক মানদণ্ড এবং বাংলাদেশের প্রচলিত আইনি কাঠামো অনুযায়ী, সেক্রেটারিয়াল অডিট করার জন্য সবচেয়ে যৌক্তিক ও একমাত্র বিশেষায়িত পেশা হলো চার্টার্ড সেক্রেটারি ইন প্র্যাকটিস (Chartered Secretary in Practice - CSP)।

আইনি ভিত্তি: বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০ অনুযায়ী ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (ICSB) একটি সংবিধিবদ্ধ সংস্থা। এই আইনের অধীনে সনদপ্রাপ্ত প্র্যাকটিসিং চার্টার্ড সেক্রেটারিরাই (CSP) কর্পোরেট আইন, সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ড এবং কমপ্লায়েন্স বিষয়ে বিশেষজ্ঞ।

পার্থক্য ও বিশেষায়িত দক্ষতা: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা (CA) যেমন কোম্পানির আর্থিক বিবরণী ও হিসাবরক্ষণ (Financial Audit) নিরীক্ষা করেন, তেমনি চার্টার্ড সেক্রেটারিরা কোম্পানির নন-ফাইন্যান্সিয়াল বা আইনি ও প্রশাসনিক কমপ্লায়েন্স (যেমন—বোর্ড সভা, এজিএম, রেজিস্টার সংরক্ষণ, আরজেএসসি ও বিএসইসি রিটার্ন দাখিল, এবং অন্যান্য প্রযোজ্য আইন পরিপালন) নিরীক্ষা করার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত।

ভারতের উদাহরণ (Benchmark): ভারতের Companies Act, 2013 (Section 204) অনুযায়ী, নির্দিষ্ট সীমার ওপরের কোম্পানিগুলোর জন্য Practicing Company Secretary (PCS) কর্তৃক সেক্রেটারিয়াল অডিট বাধ্যতামূলক করা হয়েছে এবং অডিট রিপোর্ট (Form MR-3) বোর্ড রিপোর্টের সাথে সংযুক্ত করতে হয়। বাংলাদেশেও একই মডেলে ICSB-এর প্র্যাকটিসিং সদস্যদের মাধ্যমে এটি বাস্তবায়ন করা সবচেয়ে যুক্তিসঙ্গত।

কোম্পানি আইন, ১৯৯৪-এ সংযুক্ত করার সম্ভাব্য রূপরেখা
বর্তমান কোম্পানি আইন, ১৯৯৪-এ একটি নতুন ধারা (যেমন—আর্থিক নিরীক্ষা সংক্রান্ত ধারা ২১০-২১৩ এর পাশাপাশি নতুন ধারা ২১৩ক বা স্বতন্ত্র একটি ধারা) সংযোজন করে বিষয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে।

৬. বাংলাদেশের জন্য কোম্পানি কোর্টের বিশেষ প্রস্তাব

২০২২ সালের আগস্ট মাসে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একক কোম্পানি বেঞ্চ (বিচারপতি মো. আশরাফুল কামাল) ‘টপ টেন ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স লিমিটেড’ সংক্রান্ত একটি কোম্পানি মামলায় (কোম্পানি ম্যাটার) ঐতিহাসিক রায় প্রদান করেন। ওই রায়ে ১৯৯৪ সালের কোম্পানি আইন (Companies Act, 1994) যুগোপযোগী করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (RJSC)-এর প্রতি ১৪টি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও নির্দেশনা দেওয়া হয়।

হাইকোর্ট বিভাগের কোম্পানি-সংক্রান্ত সুপারিশের ৯ ও ১০ নম্বর সুপারিশে Independent Director, Company Secretary এবং Internal Auditor-এর ভূমিকা গুরুত্বপূর্ণভাবে এসেছে। বিশেষ করে ৫ কোটি টাকার বেশি পরিশোধিত মূলধনের পাবলিক কোম্পানিতে পূর্ণকালীন যোগ্য Company Secretary নিয়োগের প্রস্তাবকে নতুন আইনের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। মূল রায়ের পূর্ণাঙ্গ পাঠ থেকে সংকলিত ১৪টি পর্যবেক্ষণের মূল বিষয়বস্তু নিচে তুলে ধরা হলো:

বাণিজ্য মন্ত্রণালয়কে প্রদত্ত পরামর্শ সমূহ

পরামর্শ-১ : অতি দ্রুততার সাথে ভারতের কোম্পানী আইনের আদলে বাংলাদেশের কোম্পানী আইন সংশোধন করে নতুন কোম্পানী আইন প্রণয়ন এবং প্রতি বৎসর উক্ত আইনের হালনাগাদীকরণ করার নিমিত্তে বাণিজ্য মন্ত্রণালয়কে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ প্রদান করা হল।

পরামর্শ-২ : প্রতিটি জেলায় কোম্পানীর সংখ্যানুপাতে এক বা একাধিক কোম্পানী আইনের ট্রাইব্যুাল (Company Law Tribunal) গঠন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করা হলো।

পরামর্শ-৩ : প্রতিটি বিভাগে একটি করে কোম্পানী আপিল্যাট ট্রাইব্যুনাল (Company Appellate Tribunal) গঠন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করা হলো।

পরামর্শ-৪ : কোম্পানী আইনের অধীন অপরাধ সমূহের জন্য বিশেষ ফৌজদারী আদালত প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করা হলো।

পরামর্শ-৫ : যৌথমূলধনী কোম্পানী ও কার্যসমূহের পরিদপ্তর (আরজেএসসি)-কে আধুনিককরণ ও আইনি কাঠামো শক্তিশালীকরণের নিমিত্তে এবং এর সেবার উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করা হল।

পরামর্শ-৬ : Corporate Law Code বাংলায় প্রকাশ করে প্রত্যেক কোম্পানীর অফিসে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করা হল।

পরামর্শ-৭ : প্রত্যেক কোম্পানীতে একজন স্থায়ী আইন কর্মকর্তার পদ সৃজন করে স্থায়ী আইন কর্মকর্তা রাখা এবং কোম্পানী আইনে অভিজ্ঞ একজন আইনজীবীকে পরামর্শক রাখা বাধ্যতামূলক করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করা হল।

পরামর্শ-৮ : প্রতিটি জেলায় বাণিজ্য মন্ত্রনালয়ের অধীন কোম্পানী গঠন, ব্যবস্থাপনা ও পরিচালনা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং নিয়মিত প্রতিটি কোম্পানীর কর্মকর্তাদেরকে বৎসরে অন্তত একবার উক্ত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহন করা বাধ্যতামূলক করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করা হলো।

পরামর্শ-৯ : প্রতি কোম্পানীতে একজন করে নিরপেক্ষ পরিচালক, কোম্পানীর সচিব, অভ্যন্তরীন নিরীক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করা হলো।

পরামর্শ-১০ : পরিশোধিত মূলধন পাঁচ কোটি টাকার উপরে হলে প্রত্যেক কোম্পানিতে সার্বক্ষণিক কোম্পানি সচিব রাখা বাধ্যতামূলক করে (যাঁরা আইসিএসবির সদস্য হবে) প্রয়োজনীয় পরিপত্র ইস্যু করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করা হলো।

পরামর্শ-১১ : কোম্পানীর কার্যালয় যে শহরে নিবন্ধিত, সে শহরে এজিএম বাধ্যতামূলক করে দ্রুত পরিপত্র ইস্যু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করা হলো।

পরামর্শ-১২ : শেয়ারবাজারের আইনের সঙ্গে সংঘাত এড়ানো, কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনাহুত পরিস্থিতির অবসান, রিটার্ন দাখিল সহজতর করা ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করা হলো।

পরামর্শ-১৩ : এজিএমে বা অন্য কোথাও কোম্পানির পক্ষ থেকে শেয়ারহোল্ডারদের কোনোরূপ উপহার, উপঢৌকন, নগদ অর্থ প্রদান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে বিধি প্রণয়ন। এজিএম অনুষ্ঠানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানির নিবন্ধন আপনা আপনি বাতিল মর্মে বিধি প্রণয়ন করা।

পরামর্শ-১৪ : লাভ-ক্ষতির হিসাব, উদ্বৃত্তপত্র, রিটার্ন বা করের বিষয় আরজেএসসিতে দাখিল করার বিষয়ে সুনির্দিষ্টভাবে বিধি বিধান করা।

বিশেষ দ্রষ্টব্য : রায়ের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাণিজ্য সচিব, আইন সচিব এবং আরজেএসসি-র নিবন্ধকের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।

৭. প্রস্তাবিত আইনি সংশোধন ও সংযোজন (Proposed Legislative Amendments)
কোম্পানি আইন, ১৯৯৪-এর সংশোধনীতে বা নতুন কোম্পানি আইন-২০২৬ এ চার্টার্ড সেক্রেটারিদের (Chartered Secretaries) ভূমিকা সুনির্দিষ্টকরণ, বাধ্যতামূলক নিয়োগ এবং সেক্রেটারিয়াল অডিট অন্তর্ভুক্তির জন্য বাণিজ্য মন্ত্রণালয়, ল' কমিশন ও আরজেএসসি (RJSC)-র কাছে উপস্থাপনের উপযোগী একটি খসড়া আইনি প্রস্তাবনা (Draft Legislative Amendment Proposal) নিচে তুলে ধরা হলো:

(ক) ধারা ২-এ সংজ্ঞা স্পষ্টীকরণ
ধারা ২(১)(ড-১) সংযোজন: "চার্টার্ড সচিব" (Chartered Secretary) অর্থ চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০ (২০১০ সালের ২৫ নং আইন)-এর অধীনে নিবন্ধিত সদস্য (ACS/FCS) এবং যিনি উক্ত আইনের অধীনে প্র্যাকটিস সনদ (CoP) প্রাপ্ত।

ধারা ২(১)(ড-২) সংযোজন: "কোম্পানি সচিব" (Company Secretary) অর্থ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (ICSB)-এর একজন সনদপ্রাপ্ত সদস্য (ACS/FCS), যিনি কোনো কোম্পানিতে সচিব হিসেবে নিযুক্ত।

(খ) নতুন ধারা ১২০৫এ সংযোজন: চার্টার্ড সচিব নিয়োগ বাধ্যতামূলককরণ

প্রস্তাবনা: সকল নিবন্ধিত পাবলিক লিমিটেড কোম্পানি এবং সর্বনিম্ন ৫ (পাঁচ) কোটি টাকা পরিশোধিত মূলধন অথবা ২০ (বিশ) কোটি টাকা বার্ষিক টার্নওভার বিশিষ্ট প্রাইভেট লিমিটেড কোম্পানিতে একজন পূর্ণকালীন চার্টার্ড সচিব (Chartered Secretary) নিয়োগ বাধ্যতামূলক করা।

(গ) নতুন ধারা ২১০বি সংযোজন: বাধ্যতামূলক সেক্রেটারিয়াল অডিট (Secretarial Audit)

প্রস্তাবনা: সকল তালিকাভুক্ত কোম্পানি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং নির্দিষ্ট মূলধনী বৃহৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য প্রতি অর্থ বছরে একজন স্বাধীন প্র্যাকটিসিং চার্টার্ড সচিব (Chartered Secretary in Practice - CSP) দ্বারা সেক্রেটারিয়াল অডিট সম্পন্ন করা এবং উক্ত অডিট রিপোর্ট বার্ষিক সাধারণ সভায় পর্ষদের প্রতিবেদনের (Directors' Report) সাথে সংযুক্ত করা।

(ঘ) নতুন ধারা ২১০সি সংযোজন: RJSC রিটার্ন সত্যায়ন (Certification of Statutory Returns)

প্রস্তাবনা: শেয়ার আবণ্টন (Form XV), বার্ষিক বিবরণী, Schudule-X, পরিচালকদের বিবরণী, (Form XII), শেয়ার হস্তান্তর এবং মূলধন বৃদ্ধি সংক্রান্ত সংবিধিবদ্ধ রিটার্নসমূহ RJSC-তে দাখিলের পূর্বে প্র্যাকটিসিং চার্টার্ড সচিব (CSP) দ্বারা সত্যায়ন/প্রত্যয়ন (Certification) বাধ্যতামূলক করা।

(ঙ) নতুন ধারা ২১০ডি সংযোজন: সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ডস (Secretarial Standards) অনুসরণ

প্রস্তাবনা: পর্ষদ সভা (Board Meeting), শেয়ারহোল্ডারদের সভা (AGM/EGM) পরিচালনা এবং কার্যবিবরণী (Minutes) সংরক্ষণে ICSB কর্তৃক প্রণীত Secretarial Standards (SS) অনুসরণ আইনত বিধিবদ্ধ করা।
প্রস্তাবিত ধারা ২১০এ (৩) [অডিটরের অধিকার ও দায়িত্ব]: অডিট সম্পন্নকরণের ক্ষেত্রে প্র্যাকটিসিং চার্টার্ড সচিবের কোম্পানির সংবিধিবদ্ধ রেজিস্টার, কার্যবিবরণী (Minutes Book), এবং আইনি সম্মতি সংক্রান্ত যাবতীয় নথিপত্র পরিদর্শনের পূর্ণ অধিকার থাকিবে।

চ. আরজেএসসি (RJSC) রিটার্ন সত্যায়ন ও স্বাক্ষর (Certification of Returns)

কোম্পানি আইনের বিভিন্ন সংবিধিবদ্ধ রিটার্ন দাখিলের ক্ষেত্রে পেশাদার প্র্যাকটিসিং চার্টার্ড সচিবের প্রত্যয়ন বাধ্যবাধকতার প্রস্তাব:

প্রস্তাবিত নতুন ধারা ২১০সি সংযোজন (সত্যায়ন বাধ্যতামূলককরণ): ধারা ১৫১ সংশোধন (শেয়ার আবণ্টন রিটার্ন), ধারা ৩৬ সংশোধন (বার্ষিক রিটার্ন/Form XII), ধারা ৩৮ সংশোধন (শেয়ার হস্তান্তর ও পরিবর্তন) এবং মূলধন বৃদ্ধি সংক্রান্ত নথি আরজেএসসিতে দাখিলের ক্ষেত্রে চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০-এর অধীনে সনদপ্রাপ্ত প্র্যাকটিসিং চার্টার্ড সচিব (CSP) দ্বারা প্রত্যয়ন (Certification/Attestation) যুক্ত করা বাধ্যতামূলক হইবে।

ছ. সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ডস অনুসরণের বাধ্যবাধকতা (Secretarial Standards Compliance)

প্রস্তাবিত একটি নতুন ধারা ২১০ই সংযোজন: বোর্ড মিটিং, শেয়ারহোল্ডারদের সাধারণ সভা (AGM/EGM) পরিচালনা, লভ্যাংশ প্রদান এবং কার্যবিবরণী (Minutes Book) সংরক্ষণের ক্ষেত্রে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (ICSB) কর্তৃক সময় সময় জারিকৃত Secretarial Standards (SS) অনুসরণ করা বাধ্যতামূলক হইবে।

৮. বাংলাদেশ সরকারের ওপর প্রস্তাবিত আইনের সম্ভাব্য প্রভাব;

Chartered Secretary পেশাকে কোম্পানি আইনের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করা হলে সরকার বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হতে পারে।

৮.১ Annual Compliance Certification;

বাংলাদেশে করপোরেট সুশাসন প্রতিষ্ঠা, Chartered Secretary পেশার বিকাশ, কোম্পানির আইনগত বিষয় পরিপালন, নিশ্চিতকরণ এবং সরকারি রাজস্ব ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন কোম্পানি আইন-২০২৬ এ Chartered Secretary পেশার অর্ন্তভূক্তি প্রয়োজন;

কারণ বাংলাদেশের অর্থনীতি দ্রুত বিকাশ লাভ করছে এবং এর সাথে সাথে কর্পোরেট খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই সুশাসন নিশ্চিত করার প্রয়োজনীয়তা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। যে কারণে ২০১০ সালে জাতীয় সংসদে চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০ (২০১০ সালের ২৫ নং আইন) পাসের মাধ্যমে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (ICSB) একটি সংবিধিবদ্ধ পেশাদার ইনস্টিটিউট হিসেবে আত্মপ্রকাশ করে।

বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) এর Corporate Governance Code অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানিতে সচিব নিয়োগ বাধ্যতামূলক হলেও কোম্পানি আইন, ১৯৯৪-এ এ পেশাজীবীদের স্পষ্ট আইনগত স্বীকৃতি ও সেক্রেটেরিয়াল অডিটের বিধান না থাকায় অ-তালিকাভুক্ত পাবলিক এবং বৃহৎ প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আইনি কমপ্লায়েন্সের ঘাটতি থেকে যাচ্ছে। দেশের ব্যবসা-বাণিজ্য সুশৃঙ্খল রাখা এবং RJSC-এর রিটার্ন ফাইলিং ব্যবস্থার বিশ্বস্ততা বাড়ানোর জন্য কোম্পানি আইনে চার্টার্ড সেক্রেটারিদের অন্তর্ভুক্তিকরণ অত্যন্ত জরুরি।

৮.২ সরকারের রাজস্ব বৃদ্ধি;
পেশাগত কমপ্লায়েন্স ব্যবস্থা শক্তিশালী হলে কোম্পানির আর্থিক ও আইনগত তথ্য অধিকতর নির্ভুল হবে।
সম্ভাব্য প্রভাব:
১. কোম্পানির বার্ষিক রিটার্ন নিয়মিত দাখিল বৃদ্ধি।
২. কোম্পানির প্রকৃত কার্যক্রম ও আর্থিক অবস্থার তথ্য উন্নত হওয়া।
৩. NBR-এর কর-সংক্রান্ত যাচাইয়ে সহায়ক তথ্য পাওয়া।
৪. প্রযোজ্য VAT ও অন্যান্য করের কমপ্লায়েন্স উন্নত হওয়া।
৫. RJSC-এর নির্ধারিত সার্ভিস ফি ও ফাইলিং ফি আদায়ের কার্যকারিতা বৃদ্ধি।
৬. নিষ্ক্রিয় ও সক্রিয় কোম্পানির তথ্য আলাদা করে সরকারি ডাটাবেজ উন্নত করা।
৭. ফিনান্সিয়াল অডিটের ন্যায় Secretarial/Compliance Audit থেকে সরকার ভ্যাট ও টিডিএস পাবে এবং আরজেএসসি-তে রিটার্ন ফাইলিং করার কারণে ফাইলিং ফিস বাড়বে।  

৯. উপসংহার ও সুপারিশ (Conclusion & Recommendation)
বাংলাদেশে স্মার্ট কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা এবং 'চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০'-এর মূল উদ্দেশ্য বাস্তবায়নে কোম্পানি আইন, ১৯৯৪-এর প্রস্তাবিত সংশোধনী বা নতুন কোম্পানি আইন-২০১৬ অত্যন্ত সময়োপযোগী ও যৌক্তিক।

বাণিজ্য মন্ত্রণালয়ের নিকট আকুল আবেদন, প্রস্তাবিত খসড়া বিধানসমূহ জাতীয় সংসদে উত্থাপনযোগ্য কোম্পানি আইনের প্রস্তাবিত সংশোধনী বিলে যুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। ICSB এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সব বিভাগের সাথে যৌথভাবে কাজ করতে প্রস্তুত।

লেখক: সম্পাদক, কর্পোরেট সংবাদ।

পড়ুন-

প্রথম পর্ব- https://corporatesangbad.com/selected-column/1003926/

দ্বিতীয় পর্ব-https://corporatesangbad.com/selected-column/1003964/