মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ফিরতে চাইলে তাকে বন্দি বিনিময় চুক্তির অধীনে ফিরতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। সে কারণে বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে। পাসপোর্ট আইনেই বলা আছে, পাসপোর্ট কর্তৃপক্ষের কোনো এখতিয়ার নেই একজন দণ্ডপ্রাপ্ত আসামির পাসপোর্ট ইস্যু করার। সুতরাং পাসপোর্ট আইন অনুযায়ী কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে এটি ইস্যু করার কোনো সুযোগ নেই।
চিফ প্রসিকিউটর বলেন, ‘বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ এর আর্টিকেল ৬ অনুযায়ী, কোনো আসামি যদি দণ্ডিত হন এবং যখন তিনি পাসপোর্ট চাচ্ছেন তার থেকে ৫ বছরের মধ্যে দণ্ডপ্রাপ্ত হন আর সেই দণ্ডের পরিমাণ যদি কমপক্ষে ২ বছর হয়; তাহলে তার পাসপোর্ট ইস্যু হবে না।’
তিনি ব্যাখ্যা করে বলেন, ‘আর্টিকেল ৭ অনুযায়ী, কোনো দণ্ডিত ব্যক্তি যদি কোনো মোরাল কার্টিটিউডের কারণে কোনো দণ্ডিত ব্যক্তি তার পাসপোর্ট জব্দ করা যেতে পারে বা রিভোক করা যেতে পারে। শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। এই মানবতাবিরোধী অপরাধকে মোরাল কার্টিটিউড বলা হয়। এইযে নৈতিক স্খলনজনিত অপরাধ, তাই সঙ্গত কারণেই তার পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার।’
চিফ প্রসিকিউটর বলেন, ‘পাসপোর্ট আইনের ৬ এর এ, বি, সি ও ই ধারাগুলো অনুযায়ী, যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত তাই পাসপোর্ট কর্তৃপক্ষের আর কোনো এখতিয়ার নেই, দণ্ডিত ব্যক্তিতে পাসপোর্ট ইস্যু করার।’
শেখ হাসিনা স্বয়ং ভারতে আছেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে-এ কথা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, কারণ সেখান থেকে তিনি যত বক্তব্য দিয়েছেন, সেখানে তাকে দেখা যায়নি এবং ভার্চুয়াল বক্তব্যগুলোতে তিনিই কিনা সেটাও স্পষ্ট নয়।
চিফ প্রসিকিউটর আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে পাসপোর্ট দিলে দেশের বিচার ব্যবস্থাকে উপহাস করা হবে। তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আর পাসপোর্ট আইন অনুযায়ী কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে এটি ইস্যু করার কোনো সুযোগ নেই।
বাংলাদেশে আসার বিষয়ে শেখ হাসিনার কোনো সদিচ্ছা নেই-এ কথা জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, তার আসার ইচ্ছে থাকলে বিচারের মুখোমুখি হতেন বা আদালতে আপিল করতেন।
শেখ হাসিনা সত্যিকার অর্থে দেশে আসতে চাইলে ভারত সরকারের কাছে লিখিতভাবে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আসা ছাড়া বিকল্প নেই। এছাড়াও দেশে ফিরলেও তার বিরুদ্ধে রায় কার্যকর হওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।