Corporate Sangbad
জাতীয়

নির্বাচনের আগে কোনো দেশের সাথে নতুন চুক্তি নয়: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৩, ৮:১০ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িগড়ি করে কোনো দেশের সাথেই নতুন চুক্তি করবে না বাংলাদেশ। আর এতে দেশের উপর কোনো প্রভাব পড়বে না। কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। দেশ এখন একটি পজিশন নিয়ে আছে। আমরা ব্যালেন্স বৈদেশিক নীতি মেনে চলছি।

শনিবার (১২ আগস্ট) দুপুরে সিলেট মহানগরীর শাহী ঈদগাহস্থ আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছুই করছে সরকার। সেলক্ষ্যে একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। দেশের শাসনতন্ত্র মেনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আসন্ন ব্রিকস সন্মেলন প্রসঙ্গে বলেন, আয়োজকরা দাওয়াত দিয়েছেন। প্রধানমন্ত্রী সেখানে যাবেন। ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ আছে বলে তিনি জানান।

আরও পড়ুন:

টিসিবির পণ্য বিক্রি শুরু রোববার, থাকছে না চিনি

ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানি: স্বাস্থ্যমন্ত্রী