Corporate Sangbad
আইন-আদালত

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় দিলীপ কুমার বিশ্বাস (৫০) নামের এক সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

দিলীপ কুমার বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন আশুরহাটি গ্রামের স্বর্গীয় দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

চুয়াডাঙ্গা জেলা কারাগার সুত্রে জানা যায়, দিলীপ কুমার ঝিনাইদহের একটি চেক প্রতারণা মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। চুয়াডাঙ্গায় আরও একটি মামলা থাকায় গত ৯ মার্চ ঝিনাইদহ জেলা কারাগার থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে হস্তান্তর করা হয়। গতকাল শুক্রবার কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দিলীপ কুমার বিশ্বাস। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে তিনি মারা যায়।

ভারপ্রাপ্ত জেলার মো. ফখর উদ্দিন বলেন, চিকিৎসকের মতে দিলীপ কুমার বিশ্বাস স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।