Corporate Sangbad
অর্থ-বাণিজ্য

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৩, ৩:০০ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আজ সোমবার সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে সরকারি ছুটির কারণে আজ সারাদিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে বলে দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে পুনরায় কার্যক্রম চালু হবে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টেযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলিম উল্লাহ জানান, এই সময়ে বেনাপোল বন্দরে পণ্য খালাস করে ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। মঙ্গলবার সকাল থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।