Corporate Sangbad
জাতীয়

কাকরাইল মসজিদে সাদপন্থীদের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৮ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট সবাদ ডেস্ক : অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর কাকরাইল মসজিদে সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমদের অনুসারীদের শুক্রবার কাকরাইল মসজিদ ঘিরে বড় ধরনের জমায়েত থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, শুক্রবার (২৭ ডিসেম্বর) তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) মাওলানা জুবায়ের অনুসারীদেরকে কোনো রকম বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

এছাড়া, মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকেও একই দিন থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রি যাপন) সহ সকল তাবলীগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকার নির্দেশ দেয়া হলো।

আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কাকরাইল মসজিদ পরিচালনাকারী কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্তৃপক্ষকে এ নির্দেশ কার্যকর করার জন্য বলা হয়েছে।

এর আগে, গত ১৮ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত ও ৪০ জন আহত হন। ওই সংঘর্ষের ঘটনায় একটি মামলাও করা হয়।