Corporate Sangbad
সারাদেশ

নালিতাবাড়ীতে নকল স্বর্ণের বারসহ যুবক আটক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৫১ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে একটি নকল স্বর্ণের বারসহ এক প্রতারককে আটক করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে পৌরশহরের তারাগঞ্জ মধ্যবাজারের কামারপট্রি রোড থেকে তাকে আটক করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন আটকের বিষয়টি জানিয়েছেন।

আটক বটু মিয়া (২৭) শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সোনাবরকান্দা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয়রা বলেন, দুপুরে নালিতাবাড়ী শহরের জনৈক এক নারীর কাছে খাঁটি স্বর্ণের কথা বলে লোভনীয় প্রস্তাব দেয় বটু মিয়া। এ সময় নকল স্বর্ণের বারটি ওই নারীকে নিতে বলে এবং বিনিময়ে তার কানের দুলগুলো চান বটু। লোভনীয় প্রস্তাব হলেও ওই নারী স্বর্ণের বারটি আসল কিনা তা যাচাই করার জন্য শহরের মতি জুয়েলার্সের দোকানে যায়। পরে স্বর্ণকার ওই বারটি পরীক্ষা করার পর নকল বলে প্রমাণিত হলে ওই নারী ও আশপাশের লোকজন মিলে প্রতারক চক্রের সদস্য বটু মিয়াকে আটক করে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে তুলে দেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, আটক বটু মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।