Corporate Sangbad
সারাদেশ

পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৪, ২:৫৪ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর পল্লবীর বাইগারটেকে ২ ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ সময় মো. আহাদ (৪০) নামে ওই ব্যক্তি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। শিশু দুটির বয়স আনুমানিক ৭ ও ৫ বছর। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এমনটি ঘটছে।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজেদুল গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে আমরা ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আমাদের প্রাথমিক ধারণা আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলে সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছেন। তাদের হত্যা করার পর সে নিজে তার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি। মরদেহ দুটি মর্গে পাঠানো হবে।