Corporate Sangbad
জাতীয়

এস এ পরিবহনে আগুন লেগে যেসব পার্সেল পুড়েছে

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৩, ১২:৫৪ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : কাকরাইলে এস এ পরিবহনের প্রধান কার্যালয়ের পার্সেল ডেলিভারি শাখায় সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এস এ পরিবহনের যানবাহন শাখার সহকারী ফোরম্যান খোরশেদ আলম পলাশ বলেন, এখান থেকে ঢাকাসহ সারাদেশে পার্সেল ডেলিভারি হয়। সকালে কেবল এখানে গাড়ি থেকে পার্সেলগুলো নামানো হয়েছে। এর পরই আগুন লাগে। একটি গাড়িও পুড়ে গেছে। কি কারণে আগুন লেগেছে সেটা এখনো আমরা জানি না।

ডেলিভারির জন্য আনা গার্মেন্টসের পণ্যসহ আরো নানা ধরনের পণ্য পুড়ে গেছে বলেও জানান তিনি।

কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এস এ পরিবহনের কর্মকর্তারা।

সরেজমিন দিয়ে দেখা গেছে, ঘটনাস্থলে আধা পোড়া শাড়ি, কাপড়, নকশি কাঁথা, হোমিওপ্যাথি ওষুধের কাঁচের কৌটা, সিগারেট, বিড়ি, হারবাল ওষুধ, সুপারি পড়ে আছে।

যেসব পণ্য অক্ষত রয়েছে সেগুলো পরিবহনের কর্মীরা দ্রুত সরিয়ে নিয়েছেন।

তিন তলা ভবনের নিচতলায় পণ্য রাখার কক্ষগুলোতে মূলত আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিচতলায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেগুলো আতশবাজি ও পটকা ছিল বলে এস এ পরিবহনের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন। আগুন নিভে যাওয়ার পরও ঘটনাস্থলে কেমিক্যালের ঝাঁঝালো গন্ধ পাওয়া যাচ্ছিল।