Corporate Sangbad
বিনোদন

রাতে রাহুল আনন্দের ঘরে যাবেন ফ্রান্সের প্রেসিডেন্ট

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৩, ২:০৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। আজ রবিবার সন্ধ্যায় ঢাকায় পা রাখবেন তিনি। রাতে গানের দল ‘জলের গান’-এর সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের রাজধানীর ধানমন্ডির বাসার নিজস্ব স্টুডিওতে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে আতিথ্য নেবেন ম্যাখোঁ।

জানা গেছে, এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মাখোঁ। আগামী সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। 

সূত্র জানিয়েছে, যেকোনো দেশে সফরকালে স্থানীয় সংস্কৃতি সম্বন্ধে জানতে শিল্পীদের স্টুডিও ভিজিট করেন মাখোঁ। রবিবার রাত ১০টার দিকে রাহুল আনন্দের স্টুডিওতে যাবেন তিনি। রাহুল আনন্দসহ চারজন শিল্পীর সঙ্গে ফ্রান্সের সংস্কৃতি বিনিময় নিয়ে আলাপ করবেন তিনি। অন্য শিল্পীরা হলেন আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারা।

রাহুল আনন্দ গণমাধ্যমকে বলেন, ‘ফ্রান্সের মহামান্য প্রেসিডেন্টের আসার কথা আমার ঘরে। তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছি। তিনি যদি আমাকে কোনো গান শোনাতে বলেন, শোনাব। বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করব।’

আজ রবিবার সন্ধ্যার দিকে বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন মাখোঁ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতেই ঢাকার একটি হোটেলে ফ্রান্সের প্রেসিডেন্টের সম্মানে নৈশ ভোজ আয়োজন করেছেন তিনি। ডিনারের আগে কিংবা পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য পরিবেশন করা হবে।

আগামী সোমবার সকাল ৮টায় ধানমন্ডি লেকে হাঁটবেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন মাখোঁ। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। 

সফর শেষে সোমবারই ঢাকা ছাড়ার কথা রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর।

কর্পোরেট সংবাদ/এএইচ