Corporate Sangbad
অর্থ-বাণিজ্য

জুলাইয়ে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২২ শতাংশ

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৩, ৪:০১ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) জুলাই মাসের রাজস্বের হিসাবে ভ্যাট অনুবিভাগ প্রায় ২২ শতাংশ প্রবৃদ্ধি করেছে। এই অর্জন এনবিআরের মোট রাজস্বের হিসাবেও ইতিবাচক পরিবর্তন এনেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, এনবিআর ভ্যাট, কাস্টমস ও আয়কর মিলে ১৫.৩৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এনবিআরের তিন অনুবিভাগের মধ্যে কাস্টমস অনুবিভাগ প্রবৃদ্ধি করেছে ১৩.৭০ এবং আয়কর ৯.৬৫ শতাংশ। অন্যদিকে ভ্যাট পূর্বের অর্থবছরের তুলনায় ২১.৫১ শতাংশ বেশি আয় করেছে। এখানে উল্লেখযোগ্য গত অর্থবছরের একই সময়ে ভ্যাটের প্রবৃদ্ধি হয়েছিল ১০.৫৮ শতাংশ।

গত জুলাই মাসে ভ্যাট আদায় হয়েছে ৭ হাজার ৬৫৪ কোটি টাকা। গত অর্থবছরের জুলাইতে এই আদায় ছিল ৬ হাজার ২৯৯ কোটি টাকা। বেশি আদায় হয়েছে ১ হাজার ৩৫৫ কোটি টাকা। জুলাই মাসের ভ্যাট আদায়ে শীর্ষে আছে এলটিইউ ভ্যাট কমিশনারেট। এলটিইউতে আদায় হয়েছে ৩ হাজার ৫৬১ কোটি টাকা। যা পূর্বের তুলনায় ৮৬০ কোটি টাকা বেশি। এই কমিশনারেটের প্রবৃদ্ধি হয়েছে ৩১.৮৬ শতাংশ। যা সাম্প্রতিক সময়ের ভ্যাট আহরণের রেকর্ড।

এছাড়া কুমিল্লা, সিলেট, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা পূর্ব, ঢাকা দক্ষিণ, রংপুর ও যশোর কমিশনারেট চলতি অর্থবছরের জুলাই মাসে তুলনামূলক ভাল করেছে। এদের সবার প্রবৃদ্ধি ডাবল ডিজিটের। জুলাই মাসে সবচেয়ে বেশি ভ্যাট আহরণ হয়েছে সিগারেট খাতে। এই খাতে মোট আদায় ১ হাজার ২১১ কোটি টাকা। যা পূর্বের তুলনায় ২৫.৯২ শতাংশ বেশি।

অন্যান্য বড় খাত মোবাইল অপারেটর ২৮.৪০ শতাংশ, পেট্রোলিয়াম গ্যাস ১৬০.৭০ শতাংশ, পেট্রোলিয়াম পণ্য ৩৪.৪৬ শতাংশ, সিরামিক টাইলস ১৬.১৪ শতাংশ, বাণিজ্যিক ফ্লোর স্পেস ১৪.১৯ শতাংশ, প্রকিউরমেন্ট সেবা ২১.৯৫ শতাংশ।

প্রচেষ্টা নির্ভর খাতেও প্রবৃদ্ধি হয়েছে লক্ষ্যণীয়। এই খাতে আদায় হয়েছে ২৭.৫২ শতাংশ। অন্যদিকে উৎসে কর্তন ক্যাটেগরিতে থেকে ভ্যাট এসেছে ১২.৬৮ শতাংশ। এক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে মিষ্টির দোকানের ভ্যাট আদায় ২৮ শতাংশ বেড়েছে। চলতি অর্থবছরের বাজেটে মিষ্টি খাতে ভ্যাট ১৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশ এ হ্রাস করা হয়। তা সত্ত্বেও এই খাতে ভ্যাট আদায় কমেনি, বরং বেড়েছে।

প্রচেষ্টা খাতের এই তথ্যের অর্থ হচ্ছে মাঠ পর্যায়ের ভ্যাট কর্মকর্তাদের তৎপরতা ও তদারকি অনেক বেড়েছে। এনবিআর থেকে বিভিন্ন সম্ভাবনাময় খাত চিহ্ণিত করে বাস্তবসম্মত কৌশল নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের জুলাই মাসের ভ্যাট সংগ্রহের এই উঁচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করছে এনবিআরের ভ্যাট অনুবিভাগ।

উল্লেখ্য অর্থনীতিতে নানারূপ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও গত ২০২২-২০২৩ অর্থবছরেও ভ্যাট অনুবিভাগ সবচেয়ে বেশি ১৬ শতাংশ প্রবৃদ্ধি করেছে।