Corporate Sangbad
সারাদেশ

রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৩, ১২:৫২ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইউনুস (১৮) নামের এক রোহিঙ্গা যুবককে সন্ত্রাসী গ্রুপ আরএসও সোর্স সন্দেহে গুলি করে হত্যা করেছে আরসা সন্ত্রাসী বাহিনী।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং-৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। ইউনুস ওই ক্যাম্পের মো. হামিদ হোসেনের ছেলে।

বুধবার (২৩আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলি।

তিনি জানান, রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরএসও সোর্স সন্দেহে আরসার সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ইউনুস। তাকে গুলি করার পর আরসার সদস্যরা পালিয়ে যায়। খবর পেয়ে রোহিঙ্গাদের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান,এ ঘটনায় ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

কর্পোরেট সংবাদ/এএইচ