Corporate Sangbad
আইন-আদালত

রিজভীর নামে হিরো আলমের ৫০ কোটি টাকার মানহানি মামলা

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৩, ৪:২৭ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলার করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সোমবার (৬ আগস্ট) তিনি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন। আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে মামলাটির অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আদালতে জবানবন্দি দেওয়ার একপর্যায়ে হিরো আলম বলেন, উনি (রিজভী) ক্ষমা চাইলে তাকে যেন মাফ করে দেওয়া হয়।

এ সময় তার আইনজীবী মুনসুর আলী রিপন শুনানিতে বলেন, একজন মৃত মানুষের বিপক্ষেও মানহানিকর বক্তব্য দেওয়া উচিত নয়। আর হিরো আলম একজন পরিচিত মুখ। তিনি একাধিকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। তাকে মামলার আসামি (রিজভী) যেভাবে কটূক্তি করেছেন, সেটি কোনোভাবেই উচিত হয়নি।

এরপর মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দেন আদালত। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।

গত ১৮ জুলাই রুহুল কবির রিজভী রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে হিরো আলমকে নিয়ে মন্তব্য করেন। এ মন্তব্য হিরো আলমের ৫০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

এর আগে, রোববার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। দুপুর সোয়া ২টার দিকে ডিবি কার্যালয় থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপির নেতা রুহুল কবির রিজভী আমাকে অশিক্ষিত বলে গালিগালাজ করেছিল। কোনো রাজনৈতিক দলের লোক কাউকে অর্ধ-পাগল কিংবা অশিক্ষিত বলতে পারেন না। আমি তিনবার নির্বাচন করেছি। আমি যদি অর্ধ-পাগল হই তাহলে নির্বাচন কমিশন আমাকে যাচাই-বাছাই করে নির্বাচন করতে দিয়েছে, কোনো পাগলকে নির্বাচন করতে দেয়নি।

হিরো আলম বলেন, আমি অশিক্ষিত। কিন্তু তার দলের নেত্রী কিন্তু এইট পাস। অশিক্ষিত পাগল বলে আমার সম্মানহানি করেছে। সবাই মনে করে আমি বিএনপির লোক। বিএনপির লোক আমাকে নিয়ে কথাবার্তা বলেছে। তারা একটা লোককে নিয়ে হেয় করে কথা বলেছে। অনেকেই অপমান ও তুচ্ছ করে আমার সম্পর্কে কথা বলে। জাতীয় পার্টির লোকও আমাকে হেয় করে কথা বলেছে।

তিনি বলেন, আমি ডিবিতে অভিযোগ দিয়েছি। কিন্তু এখানে এই বিষয়ে কোনো মামলা করা যায় না। তাই, কোর্টে যাব মামলা করার জন্য।কোনো সম্মানিত লোক কাউকে পাগল-ছাগল বলে অপমান করতে পারেন না।