Corporate Sangbad
সারাদেশ

চুয়াডাঙ্গায় অনুমোদনহীন ফিজিও থেরাপি সেন্টার বন্ধের নির্দেশ, জরিমানা

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৩, ৬:৪৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় অনুমোদনহীন ছমির ফিজিও থেরাপি সেন্টার নামের এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার আলুকদিয়া বাজারে অভিযান চালিয়ে ছমির ফিজিও থেরাপি সেন্টারকে জরিমানা করা এবং অনুমোদম না থাকায় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, আলুকদিয়া বাজারে ছমির মেডিকেল নামক ফিজিও থেরাপি প্রতিষ্ঠানে তদারকিতে দেখা যায় প্রতিষ্ঠানটির কোন ধরনের অনুমোদন নেই। অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানে রোগীদের ফিজিও থেরাপি সেবা প্রদান করে আসছেন এবং রোগীদের ব্যবস্থাপত্র প্রদানের প্রমাণ পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির স্বাস্থ্য বিভাগের কোনো অনুমোদন না থাকায় সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আউলিয়ার রহমানের নির্দেশনা অনুযায়ী অনুমোদন না পাওয়া পর্যন্ত ফিজিও থেরাপি সেন্টারটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া এটি যেহেতু একটি সেবা মূলক প্রতিষ্ঠান তাই এ প্রতিষ্ঠানে সেবার মূল্য তালিকা না থাকায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ তমাল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সজল আহম্মেদ।