Corporate Sangbad
সারাদেশ

ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীর গলা কেটে দিলো বখাটে

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৩, ৭:৫৮ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১৪) ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেছে এক বখাটে। 

রোববার (৯ জুলাই) আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর বাবা একজন কাটাপান ব্যবসায়ী। তিনি প্রতিদিনের মতো পাশের বাজারে দোকান করতে যান। এই সুযোগে একই এলাকার এক বখাটে বাড়িতে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে হত্যার উদ্দেশ্যে তার গলা ও গাল কেটে দিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিশোরীর অবস্থা আশঙ্কাজনক দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। 

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ঘটনার তদন্তের সার্থে আসামির (বখাটের) নাম বলা যাচ্ছে না। বাদীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কর্পোরেট সংবাদ/এএইচ