Corporate Sangbad
সারাদেশ

ফেলে যাওয়া গামছায় মোড়ানো ছিল ২৬টি সোনার বার

প্রকাশিত: ৫ জুন, ২০২৩, ১২:৩২ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারকালে যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর সীমান্ত থেকে তিন কেজি ২৩ গ্রাম ওজনের ২৬ পিস সোনারবার উদ্ধার করেছে বিজিবি। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি সদস্যরা।

সোমবার (৫ জুন) সকাল ৯টার দিকে বিজিবির একটি অভিযানিক দল অভিযান চালিয়ে সোনার চালানটি আটক করে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চৌগাছা সীমান্ত দিয়ে সোনার একটি চালান ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র যশোর ৪৯ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী কাবিলপুর ক্লিনিক মোড় এলাকায় গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে এবং সে টহলদলের নিকটবর্তী আসলে তাদের থামতে বলে। উক্ত ব্যক্তিদ্বয় না থেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের ধাওয়া করে ধরার চেষ্টা করলে এক জন লোক তার পরিহিত শার্ট ছিড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে এবং অন্যজন বাংলাদেশের অভ্যন্তরে কাবিলপুর গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে টহল দল শূন্য লাইন হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে কর্দমাক্ত অবস্থায় গামছা মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করে। বিজিবি টহলদল গামছাটি তল্লাশি করে তিন কেজি ২৩ গ্রাম ওজনের মোট ২৬ টি সোনার বার উদ্ধার করেন। উক্ত সোনার বারগুলো গামছার ভিতরে কস্টেপ দ্বারা পেচানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত ছিল। যার সিজার মূল্য ৩ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট. কর্নেল আহমেদ হাসান জামিল বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে বিজিবি এর টহল জোরদার অবস্থায় রয়েছে। যার কারনে সীমান্তে অজ্ঞাত ও অবৈধ ভাবে চলাচলরত লোকদের চ্যালেঞ্জ করে এ সোনার বার উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারতকৃত সোনা চৌগাছা থানায় মামলা দায়ের এর মাধ্যমে ট্রেজারিতে জমা দেয়া হবে বলে তিনি জানান।