Corporate Sangbad
আন্তর্জাতিক

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্থগিত

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৩, ৮:১৮ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা আগামীকাল ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট।

ইমরান খানের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেয়। আবেদনে ইমরান খান বলেন, আগামীকাল আমি নিজেই ইসলামাবাদ দায়রা জজ আদলতে উপস্থিত হব। তবে এর জন্য গ্রেফতারের নির্দেশ প্রত্যাহার করতে হবে।

তোষাখানা মামলার শুনানিতে দিনের পর দিন অনুপস্থিত থাকার কারণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ফেব্রুয়ারির শেষ দিকে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ইসলামাবাদের সেশন আদালত।

পরে পিটিআই এই পরোয়ানায় স্থগিতাদেশ চেয়ে আবেদন করলে ১৩ মার্চ পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা স্থগিত করা হয়।

কিন্তু শুনানিতে অনুপস্থিত থাকার কারণে গত সোমবার ইমরান খানের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও সেশন আদালতের বিচারক জাফর ইকবাল।