Corporate Sangbad
বিনোদন

শুটিং করতে গিয়ে পা মচকে আহত শাকিব খান

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। সোমবার ‘আগুন’ সিনেমার মারপিটের শুটিংয়ের দৃশ্য ধারণের সময় এ ঘটনা ঘটে। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আফতাবনগরে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্য করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন তিনি।

আহতাবস্থায় সঙ্গে সঙ্গে শাকিবকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার শেষে বাসায় ফিরেছেন তিনি।

শাকিব খানের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ‘আগুন’ সিনেমার নায়িকা জাহারা মিতু।

তিনি বলেন, ‘আমি গতকাল শুটিংয়ে ছিলাম না। ইউনিটের মানুষের কাছ থেকে শুনেছি শাকিব খান শুটিংয়ে আঘাত পেয়েছেন।’

এদিকে শাকিবের ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমে জানান, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক কয়েক দিন পূর্ণ বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন। দুই দিন পর আবার চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে।

জানা যায়, সোমবার এ সিনেমার শেষ অংশের শুটিং হয়েছে। বাকি আছে শুধু দুটি গানের শুটিং। এদিকে আগামী ঈদে ‘আগুন’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরও শাকিব-জাহারা মিতু ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলী রাজসহ অনেকে।