Corporate Sangbad
কর্পোরেট

এমএসএমই অর্থায়নের চ্যালেঞ্জ, ব্র্যাক ব্যাংক ও টাফটস ইউনিভার্সিটি

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন · Sajibur Rahman Polash

বাংলাদেশের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) অর্থায়ন-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণানির্ভর সমাধান খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির দ্য ফ্লেচার স্কুলের সাথে যৌথভাবে ঢাকায় দুই দিনব্যাপী এক লিডারশিপ-বিষয়ক কর্মশালার  সম্পন্নকরেছে ব্র্যাক ব্যাংক।

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, ব্যাংকার, ক্ষুদ্রঋণ পেশাজীবী এবং উন্নয়নকর্মীরা অংশ নেন। সুবিধাবঞ্চিত উদোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ কীভাবে আরও সহজ করা যায়, সে বিষয়ে তাঁরা বিস্তারিত আলোচনা করেন।
১০ নভেম্বর ২০২৬ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মশালাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান।

‘টুওয়ার্ডস ক্লোজিং দ্য গ্যাপ ইন এমএসএমই ফাইন্যান্সিং ইন বাংলাদেশ: রিসার্চ ডিসক্লোজার অ্যান্ড এইট-কিউএম মেথড ফর পলিসি ডেভেলপমেন্ট’ শীর্ষক এই কর্মশালাটি পরিকল্পনা ও পরিচালনা করে ফ্লেচার লিডারশিপ প্রোগ্রাম ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এফএলপিএফআই)।

কর্মশালাটির গুরুত্বপূর্ণ অংশ ছিল নীতি উন্নয়ন ও গবেষণা নিয়ে ‘এইট-কিউএম (8QM) মেথড’ বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন, যা পরিচালনা করেন টাফটস ইউনিভার্সিটির অধ্যাপক এলকে জানস-হার্মস এবং ক্যারোলিন হল ম্যাকমাহন। এই পদ্ধতির মাধ্যমে অংশগ্রহণকারীরা অর্থায়নের প্রতিবন্ধকতা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত মূল্যায়ন, গবেষণার বিষয়বস্তু নির্ধারণ এবং বাস্তবসম্মত নীতিগত সমাধান খুঁজে বের করার প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “বাংলাদেশের অর্থনীতির জন্য এমএসএমই খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এখনো অনেক উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন সুবিধা পাওয়া একটি বড় চ্যালেঞ্জ। এই উদ্যোগটি গবেষণা, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বাস্তব জ্ঞানের সমন্বয়ে অর্থায়নের এই ঘাটতি বিশ্লেষণ করতে নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসেছে।”

তিনি আশা প্রকাশ করেন যে, এই আলোচনাগুলো তথ্য-উপাত্তভিত্তিক নীতিমালা প্রণয়ন এবং অর্থায়নের দীর্ঘদিনের প্রতিবন্ধকতা দূরকরে কার্যকর সমাধান খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এফএলপিএফআই-এর পরিচালক মেলিটা সয়ার বলেন, “এমএসএমই খাত বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড, যা দেশজুড়ে জীবিকা নির্বাহ ও কর্মসংস্থান সৃষ্টি করছে। তবুও ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় আর্থিক সেবা পেতে এখনো অসংখ্য উদ্যোক্তাকে বাধার সম্মুখীন হতে হচ্ছে।”
অর্থায়ন নিয়ে গবেষণানির্ভর সমাধান তৈরিতে ব্যাংক, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

কর্মশালায় বাংলাদেশের এমএসএমই অর্থায়নের ঘাটতি নিয়ে নিজের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ব্যাংকের হেড অব এজেন্ট ব্যাংকিং এবং ২০২২ সালের এফএলপিএফআই অ্যালামনাই ও রিসার্চ ফেলো মো. নাজমুল হাসান। তাঁর গবেষণায় ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক ঋণ পাওয়ার প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয় এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যকর মডেল অনুসরণ করে বাণিজ্যিক ব্যাংকগুলো কীভাবে আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন সুবিধা চালু করতে পারে, তা বিশ্লেষণ করা হয়।

এছাড়াও কর্মশালায় বাংলাদেশ ব্যাংক, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, বাণিজ্যিক ব্যাংক, ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা বিভিন্ন আলোচনায় অংশ নেন।

কর্মশালাটির মূল পরিকল্পনা ও পরিচালনারনেতৃত্বে ছিলএফএলপিএফআই এবং দ্য ফ্লেচার স্কুল। অন্যদিকে ব্র্যাক ব্যাংক প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা, ভেন্যু সহায়তা এবং ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট টিমের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে।
বাংলাদেশের সুবিধাবঞ্চিত উদ্যোক্তাদের জন্য আর্থিক সেবার পরিধি বাড়াতে আরও জোরালো পারস্পরিক সহযোগিতা এবং গবেষণানির্ভর নীতিমালা প্রণয়নের গুরুত্ব তুলে ধরার মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়।