IFRS-9 বাস্তবায়নে নিজস্ব ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করেছে আইএফআইসি ব্যাংক। ব্যাংকের নিজস্ব জনবল, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে উদ্ভাবিত এ সফটওয়্যার গত বুধবার (২৫ নভেম্বর) প্রধান কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় উপস্থাপন করা হয়।
কর্মশালায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমরান আহমেদ দেশের ব্যাংকিং খাতে IFRS 9 বাস্তবায়নের গুরুত্ব এবং সামগ্রিক অর্থনীতিতে এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন। ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) জনাব দিলিপ কুমার মন্ডল IFRS 9-এর মূলনীতি, প্রত্যাশিত ঋণক্ষতি নিরূপণের পদ্ধতি এবং সংশ্লিষ্ট ফ্রেমওয়ার্কের বিভিন্ন দিক তুলে ধরেন।
বাংলাদেশ ব্যাংকের ECL-সংক্রান্ত নির্দেশিকা ও IFRS 9-এর মূলনীতির আলোকে ব্যাংকের ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করা হয়েছে। এ উদ্যোগ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন তৈরিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে ব্যাংকের অভ্যন্তরীণ প্রযুক্তিগত সক্ষমতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এ সফটওয়্যার ডেভেলপমেন্টে দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠান ফিনসাইট সফটওয়্যার অ্যান্ড টেকনোলজিসের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হয়েছে।
কর্মশালায় ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনার সদস্য, শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, Expected Credit Loss (ECL) পদ্ধতিতে ঋণগ্রহীতার ঋণ পরিশোধের অতীত তথ্য, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক পূর্বাভাস বিবেচনায় নিয়ে প্রত্যাশিত ঋণক্ষতি নিরূপণ করা হয়। এ পদ্ধতি ব্যাংকের আর্থিক প্রতিবেদনকে আরও স্বচ্ছ এবং ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও দূরদর্শী ও তথ্যভিত্তিক করতে সহায়তা করবে।