Corporate Sangbad
অর্থ-বাণিজ্য

তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, নির্বাচিত ৬৪০ জনের তালিকা প্রকাশ

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৫২ অপরাহ্ন ·

দেশে তরুণদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচিতে এবার নির্বাচিত হয়েছেন ৬৪০ জন উদ্যোক্তা। বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় দেশের ৮ জেলার ৬৪টি উপজেলা থেকে তাদের চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা জেলার ৬৪টি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উপজেলা থেকে মোট ৬৪০ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

এদিকে বাকি ৫৬ জেলার সব উপজেলা থেকে তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ কার্যক্রম এখনো চলমান রয়েছে। গত ১ নভেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ে এসব জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন নেয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এ ক্ষেত্রে ঋণ-প্রত্যাশী তরুণ উদ্যোক্তারা নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

‘উদ্যোগ’ প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন করা হবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা হবে ঋণ। আর ঋণের সমপরিমাণ অর্থ অর্থাৎ, সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান পাবেন উদ্যোক্তারা। ঋণ ও অনুদানের অর্থ একইসঙ্গে এককালীন দেয়া হবে।

বিনা জামানতে ২০ লাখ টাকা অর্থায়নের নীতিমালা এবং আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন।

কারা আবেদন করতে পারবেন

কর্মসূচিতে আবেদন করতে হলে প্রার্থীর বয়স আবেদন গ্রহণের শেষ তারিখে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। পাশাপাশি থাকতে হবে— সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা এবং বাস্তবায়নযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা। তবে আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ সুবিধার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

যেসব ব্যবসায় পাওয়া যাবে সহায়তা

কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ব্যবসায়িক উদ্যোগে অর্থায়নের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি। এছাড়া অনলাইন বাণিজ্য, আর্থিক প্রযুক্তি, শিক্ষা প্রযুক্তি, কৃষি প্রযুক্তি ও স্বাস্থ্য প্রযুক্তির মতো প্রযুক্তিনির্ভর উদ্যোগেও অর্থায়ন করা হবে।

আবেদন করতে লাগবে যেসব কাগজপত্র

আবেদনের জন্য নির্ধারিত ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পবিষয়ক পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

পূরণ করা আবেদন ফরমের সঙ্গে জমা দিতে হবে— জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, ছবি এবং শিক্ষাগত ও প্রশিক্ষণসংক্রান্ত সনদ (যদি থাকে)।

 

নির্বাচিতদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।