Corporate Sangbad
শেয়ারবাজার

ওয়ালটনের ৭ লাখ ৮০ হাজার শেয়ার ইস্যুর অনুমতি দিল বিএসইসি

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৫১ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি সাধারণ শেয়ার ইস্যু ও বরাদ্দকরণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ২৪ নভেম্বর ২০২৬ তারিখে দেওয়া এক চিঠির মাধ্যমে বিএসইসি কোম্পানিটির প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি সাধারণ শেয়ার ইস্যু ও বরাদ্দকরণের সম্মতি দিয়েছে। এসব শেয়ার ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারহোল্ডারদের অনুকূলে বরাদ্দ করা হবে।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির একীভূতকরণ স্কিম এবং হাইকোর্ট বিভাগের কোম্পানি-সংক্রান্ত মামলা নম্বর ৩১৮/২০২৬-এ দেওয়া আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এ শেয়ার ইস্যু ও বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।