Corporate Sangbad
অর্থ-বাণিজ্য

দীর্ঘ পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের গোবরাকুড়া ও কড়ইতলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি দীর্ঘ প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর অবশেষে শুরু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর)বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে দুই বন্দর দিয়ে আমদানি কার্যক্রম চালু হয়। এর আগে গত ২৭ জুন থেকে বন্দর দুটিতে কয়লা আমদানি বন্ধ ছিল।

আমদানি কার্যক্রম শুরুর সময় উপস্থিত ছিলেন কড়ইতলি-গোবরাকুড়া স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান, আমদানি-রপ্তানিকারক উন্নয়ন সমবায় সমিতির সদস্য, ব্যবসায়ী ও শ্রমিকেরা।

বন্দর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে এ দুই স্থলবন্দর দিয়ে প্রায় ৩৮ হাজার টন কয়লা আমদানি করা হয়েছিল। এতে সরকারের প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আয় হয়। দীর্ঘদিন আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিক ক্ষতির মুখে পড়েন।

ব্যবসায়ী সামসুল আলম সামস বলেন, আগে প্রতিদিন কয়লা আমদানি হতো। দিন শেষে ৪০০ থেকে ৫০০ গাড়ি কয়লা পাওয়া যেত। তখন ব্যবসা ভালো ছিল, শ্রমিকদের মধ্যেও কর্মচাঞ্চল্য ছিল। কিন্তু ২০১৫ সাল থেকে কয়লা আমদানির ক্ষেত্রে অনিয়মিত পরিস্থিতি তৈরি হয়েছে। এক দিন কয়লা এলে পরদিন থেকেই আবার বন্ধ হয়ে যায়। নিয়মিত আমদানি চালু থাকলে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারও লাভবান হবে।

কড়ইতলি ও গোবরাকুড়া আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বলেন, পাঁচ মাস বন্ধ থাকার পর বন্দর চালু হয়েছে। ৭০ জন ব্যবসায়ীর মধ্যে আপাতত মাত্র দুই-তিনজন কয়লা পেয়েছেন। কাজ না থাকায় এত দিন শ্রমিকেরা অপেক্ষায় ছিলেন। আবার কাজ শুরু হওয়ায় তাঁদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বন্দরশ্রমিক রেফাজ উদ্দিন জানান, কাজ বন্ধ থাকলে তাঁদের সংসার চালাতে অনেক কষ্ট হয়। আবার কাজ শুরু হওয়ায় তাঁরা আনন্দিত।

স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান বলেন, এ দুই স্থলবন্দর দিয়ে ২৫ ধরনের পণ্য আমদানির সুযোগ থাকলেও বাস্তবে আসছে মাত্র একটি পণ্য—কয়লা। এতে বন্দর ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সব সময় বন্দর সচল থাকলে সরকার রাজস্ব পাবে ও ব্যবসায়ী-শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন।