দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনালোচিত দিক দর্শকের সামনে তুলে ধরতে দীর্ঘদিন ধরেই স্টুডিওর গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পর্ব ধারণ করে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ প্রকৃতির সবুজ ক্যানভাসে আঁকা সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। শিকড়ের সন্ধানেই ইত্যাদির এই নিরন্তর পথচলা।
জয়পুরহাটের কালাই উপজেলায় সপ্তদশ শতাব্দীতে খনন করা ইতিহাসের নীরব সাক্ষী ঐতিহাসিক ‘নান্দাইল দিঘি’র কোল ঘেঁষে অবস্থিত নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে নির্মিত হয়েছে ইত্যাদির মূল মঞ্চ। দিঘির স্বচ্ছ জলরাশি আর প্রাচীন ঐতিহ্যের আবহে মঞ্চের নান্দনিক আলোকসজ্জা পুরো পরিবেশকে এক ভিন্ন রূপ দিয়েছিল।
নিজেদের জেলায় প্রিয় অনুষ্ঠানকে দেখে পুরো জয়পুরহাট জুড়েই বিরাজ করছিল উৎসবমুখর আবহ। বরাবরের মতোই জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে দর্শকদের মধ্যে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতরণ করা হয়। দেখতে দেখতে নির্ধারিত সময়ের আগেই দর্শক উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
অনুষ্ঠানটি কালাই উপজেলায় আয়োজিত হলেও জেলার অন্যান্য উপজেলা, এমনকি পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও নানা বয়সের হাজারো মানুষ ছুটে আসেন ধারণ অনুষ্ঠান উপভোগ করতে। ভেতরে স্থান সংকুলান না হওয়ায় শত শত উৎসাহী মানুষ আশেপাশের বহুতল ভবনের ছাদ, সংলগ্ন রাস্তা, দেয়াল এমনকি গাছের ডালে উঠেও দীর্ঘ সময় ধরে অনুষ্ঠানটি উপভোগ করেন। দর্শকদের এই বাঁধভাঙা উচ্ছ্বাস, শৃঙ্খলা আর বিপুল উদ্দীপনা প্রমাণ করে-ইত্যাদি কেবল একটি টেলিভিশন অনুষ্ঠান নয়, এটি গণমানুষের হৃদয়ের স্পন্দন।
এবারের পর্বে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের বৈচিত্র্যময় গান। যার মধ্যে একটিতে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটেরই কৃতী সন্তান, দেশের খ্যাতনামা সংগীতশিল্পী খুরশিদ আলম। তাঁর গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের মধ্য থেকে শ্রোতাপ্রিয় তিনটি বাছাই করা গানের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই সংকলিত গানটি।
চলমান ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে এবারের ইত্যাদিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত জনপ্রিয় একটি গান নতুন ও আধুনিক সংগীতায়োজনে পরিবেশন করেছেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী, জয়পুরহাটের কৃতী সন্তান ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমিন মুশতারি। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
বরাবরের মতো এবারও জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে ফুটিয়ে তুলতে পরিবেশন করা হয়েছে একটি মনোমুগ্ধকর জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন শিল্পী রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের পরিচালনায় নাচটিতে অংশগ্রহণ করেছে স্থানীয় নৃত্যশিল্পীরা। সুরের মূর্ছনা আর নৃত্যছন্দে মুগ্ধ হয়ে উপস্থিত হাজারো দর্শক করতালির মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান জয়পুরহাটকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে চারজন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকরা জয়পুরহাটের অন্যতম প্রধান ব্র্যান্ডিং পণ্য সুস্বাদু ‘লতিরাজ কচু’ এবং ‘সোনালি মুরগি’ নিয়ে রচিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন, যা ছিল বেশ উপভোগ্য।
বরাবরের মতো ইত্যাদির এই পর্বেও দর্শকদের জন্য থাকছে সমাজসচেতনতামূলক, তথ্যবহুল ও হৃদয়স্পর্শী কিছু প্রতিবেদন। জয়পুরহাটের সমৃদ্ধ কৃষি ও দেশের পোল্ট্রি শিল্পের অগ্রযাত্রার পাশাপাশি এই জেলার বর্ণাঢ্য ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলোর ওপর তৈরি করা হয়েছে একটি তথ্যভিত্তিক বিশেষ প্রতিবেদন। রয়েছে জয়পুরহাটের বাকপ্রতিবন্ধী তিন ভাইকে নিয়ে একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে নিজেদের নীরবতাকেই যারা শক্তিতে পরিণত করেছেন। থাকছে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বিস্ময়কর শিল্পী প্রসেনজিৎ বর্মনের ওপর বিশেষ প্রতিবেদন। যিনি মাটির ক্যানভাসে ছাই দিয়ে অবিশ্বাস্য সব প্রতিকৃতি ফুটিয়ে তোলেন।
অনুষ্ঠানের শেষে রয়েছে যশোরের কেশবপুর উপজেলার মানবসেবায় নিবেদিতপ্রাণ এক নীরব কর্মী লেয়াকত আলীর ওপর একটি মানবিক প্রতিবেদন। পেশায় একজন সাধারণ ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী হওয়া সত্ত্বেও যিনি দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপ। পাশাপাশি নিয়মিত ‘চিঠিপত্র’ পর্বের সঙ্গে থাকছে সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে একাধিক তীক্ষ্ণ ও তীর্যক নাট্যাংশ। এসব নাট্যাংশে অভিনয় করেছেন দেশের শীর্ষস্থানীয় অভিনয় শিল্পীরা।
সব সময়ের মতো ইত্যাদির এবারের পর্বটিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির এই পর্বটি প্রচারিত হবে আগামী ২৭ নভেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর, বাংলাদেশ টেলিভিশনে। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।