Corporate Sangbad
বিনোদন

আজ লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন · বিনোদন ডেস্ক

মহাভারতের অম্বা ও ভীষ্মের অনুচ্চারিত সম্পর্ক, প্রত্যাখ্যান আর প্রতিশোধের গল্প নিয়ে বাংলা মুভমেন্ট থিয়েটার লন্ডনের মঞ্চে আনছে নাটক ‘অম্বা ও ভীষ্ম’।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে নাটকটি মঞ্চস্থ হবে। এটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন ড. মুকিদ চৌধুরী।

অভিনয়, মুভমেন্ট আর সরাসরি সংগীতের সমন্বয় এই প্রযোজনার বিশেষ দিক। এসরাজে মাজহার আলি শেখ, চেলোতে হারভি গিবনস, তবলায় পিয়াস বড়ুয়া, বাঁশিতে বায়েজিদ কবির সাদি, ড্রামসে শুভজিৎ সাহা, গিটারে সাঈদ হামিদ এবং কণ্ঠে প্রত্যাশা দাস পূজা। সঙ্গে আছে জৌচেপ্পে মাস্ত্রোইয়ান্নির ইতালীয় কবিতা। প্রাচ্য ও পাশ্চাত্যের সুর মিলে তৈরি হয়েছে নাটকের নিজস্ব আবহ।

কথক চরিত্রে ড. সুতপা ধর, ভীষ্ম চরিত্রে পার্থ সারথি রায় এবং অম্বা ও শিখণ্ডী চরিত্রে অভিনয় করছেন মৌসুমী সামন্ত। অন্যান্য চরিত্রে আছেন সানজিদ কবির সানি (শান্তনু ও পরশুরাম), তাহিরা জিন্নিয়া (গঙ্গা), সাদিয়া সাবা (সত্যবতী), আবু সুফিয়ান (কাশীরাজ ও মার্শাল আর্ট), সৈকত দত্ত (কুহুক, শরশয্যা ও দেবতাগণ) এবং এপি দেব সরকার (দেবীগণ)।

মঞ্চপরিকল্পনা করেছেন শাহাব আহমেদ বাচ্চু, আলোক পরিকল্পনা সুনা মিয়া এবং ইংরেজি বর্ণনা ড. হাসনীন চৌধুরী। প্রযোজনা সহযোগী হিসেবে আছেন জায়েম খন্দকার, আর ফ্রন্ট অফ দি হাউসের দায়িত্বে অনুভা রওনক হক সৈয়দ।

নাটকের কাহিনীতে দেখা যাবে- ভীষ্মের প্রত্যাখ্যানে অম্বার জীবন গভীর সংকটে পড়ে। সেখান থেকে জন্ম নেয় ন্যায়বিচার ও প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষা, যা শেষ পর্যন্ত তাকে পৌঁছে দেয় শিখণ্ডীর (রূপান্তর পুরুষ) পরিচয়ে। এই রূপান্তর প্রচলিত লিঙ্গধারণা ও পরিচয়ের সীমানাকে প্রশ্ন করে। পাশাপাশি একটি মানবিক প্রশ্নও তোলে: বাইরের রূপ বদলালে কি ভেতরের প্রত্যাখ্যানের ক্ষত মোছে?

অন্যদিকে ভীষ্মের অটল প্রতিজ্ঞা একই সঙ্গে কর্তব্যনিষ্ঠার প্রতীক, আবার কঠোর আদর্শের সঙ্গে মানবিক সহমর্মিতার সংঘাতেরও প্রতীক। দুই বিপরীত পথের এই দুই চরিত্রের নিয়তি শেষ দৃশ্যে মুখোমুখি হয়। মৃত্যুর ছায়ায় সেখানে প্রশ্ন জাগে: শেষ পর্যন্ত প্রতিশোধই কি জিতবে, নাকি সময় ফুরানোর আগে ভালোবাসা নিজের ভাষা খুঁজে পাবে?

আয়োজকেরা জানান, এই প্রযোজনার মাধ্যমে তাঁরা সাংস্কৃতিক ঐতিহ্য আর সমকালীন শিল্পভাবনার মধ্যে সংলাপ তৈরি করতে চান। নাটকটি নানা প্রজন্ম, সংস্কৃতি ও সম্প্রদায়ের দর্শকের জন্য উন্মুক্ত।