স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ড. এম এ মুহিত বলেছেন, আগামী দুই বছরের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে সিরাজগঞ্জ জেলাকে ছানিমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ছানিজনিত অন্ধত্ব দূর করে আক্রান্ত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়াই এ কর্মসূচির লক্ষ্য।
শনিবার (২১ নভেম্বর) সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে ছানিমুক্ত সিরাজগঞ্জ গঠনের উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকার ভারপ্রাপ্ত পরিচালক এবং জেলা সিভিল সার্জন।
এ ছাড়া অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ছানিতে আক্রান্ত রোগী উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে জেলার ছানিতে আক্রান্ত রোগীদের সেবার আওতায় আনা হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ছানিজনিত কারণে দৃষ্টিশক্তি হারানো মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকেও এ উদ্যোগ বাস্তবায়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আয়োজকদের এ উদ্যোগকে ছানিতে আক্রান্ত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ পাওয়ার কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়িত হলে জেলার বহু মানুষ এ সেবার আওতায় আসবেন।